
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত ৬ থেকে ৭ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েরের অনুসারী গ্রুপ এবং স্থানীয় প্রভাবশালী খলিলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার, সামাজিক ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে ভোরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলেই খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন এবং একই পক্ষের ফেরদৌস হোসেন নিহত হন। আহত অবস্থায় অপর পক্ষের ওসিবুর মিয়াকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে কয়েকজনকে নড়াইল জেলা হাসপাতাল ও আশপাশের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় টহল জোরদার করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য সহিংসতা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। ঘটনার পেছনের কারণ ও দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি