
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বীর উত্তম জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এক বিবৃতিতে হাইকমিশন বলেছে, ১৯৭১ সালের মার্চে জিয়াউর রহমানের ঐতিহাসিক বেতার ভাষণ বাংলাদেশের জনগণকে উদ্দীপ্ত করেছিল এবং মুক্তির সংগ্রামে অনুপ্রাণিত করেছিল।
শনিবার (৩০ মে) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি, যা জনগণকে উদ্দীপ্ত করেছিল। নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।”
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সেই ঐতিহাসিক সময়ে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে যে আত্মত্যাগ, সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
ভারতীয় হাইকমিশন উল্লেখ করে, “আজও তখনকার মতোই ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক গৌরবগাথা এবং উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে।”
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সময় নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতি বছর এ দিনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে তাঁর শাহাদাতবার্ষিকী পালন করে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি