
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার সদর উপজেলার আলামপুর ইউনিয়নে মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ইউনিয়নের খয়েরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হালিম সর্দার ওই এলাকার মৃত কলম সর্দারের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য, কয়েকদিন ধরে মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে রাজাপুর-খয়েরপুর এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধ ও কয়েক দফা হামলা-সংঘর্ষের ঘটনা ঘটছিল। শনিবার ভোরে চাপাইগাছি বিলের পাশে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
নিহতের পরিবারের দাবি, সকালে হালিম সর্দার বাড়ি থেকে বিলের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি বাড়ির ছাদ থেকে তাঁকে লক্ষ্য করে দেশীয় অস্ত্রের ফালা ছোড়া হয়। ফালাটি তাঁর গলায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় বকুল সর্দার (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি খয়েরপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সংঘর্ষের প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডে কারা জড়িত ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি