
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেলা যুবদলের নবগঠিত কমিটি গঠনে অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন জেলা যুবদলের সভাপতি ফুহাদ রেজা ফাহিম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব অভিযোগকে তিনি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে দাবি করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন ফুহাদ রেজা ফাহিম।
তিনি বলেন, দীর্ঘদিন পর কুষ্টিয়া জেলা যুবদলের একটি তারুণ্যনির্ভর ও শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত একটি অংশ ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
ফুহাদ রেজা ফাহিমের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে—মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি গঠন করা হয়েছে। এমনকি ব্যাংককে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সঙ্গে তাঁর সাক্ষাতের একটি ছবিকেও অর্থ লেনদেনের ঘটনা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। কোনো কোনো প্রচারে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুজ্জামানের নামও জড়ানো হয়েছে।
এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে তিনি বলেন, “আমি চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনে ব্যাংককে গিয়েছিলাম। সেখানে হাসপাতালে কেন্দ্রীয় যুবদলের সভাপতির সঙ্গে আমার দেখা হয় এবং একটি ছবি তোলা হয়। চিকিৎসার কাগজপত্রও আমার কাছে রয়েছে। একটি স্বাভাবিক সাক্ষাৎকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অর্থ লেনদেনের ঘটনায় রূপ দেওয়া হচ্ছে।”
অভিযোগকারীদের সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তোলা অনুচিত।
আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার দাবি
নিজের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফুহাদ রেজা ফাহিম। গত ১৭ বছরে তিনি কোনো আন্দোলন-সংগ্রামে অংশ নেননি—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রচারও তিনি নাকচ করেন।
তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। রাজনৈতিক প্রতিকূলতা, হামলা-মামলা ও নানা বাধার মধ্যেও দলের সঙ্গে যুক্ত থেকে দায়িত্ব পালন করেছেন। এ-সংক্রান্ত ছবি ও অন্যান্য প্রমাণ তাঁর কাছে সংরক্ষিত রয়েছে বলেও জানান তিনি।
ছাত্রদল থেকে পদত্যাগ ও যুক্তরাষ্ট্র যাওয়ার অভিযোগ নাকচ
ছাত্রদল থেকে পদত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার অভিযোগও অস্বীকার করেছেন জেলা যুবদলের সভাপতি।
তিনি জানান, তিনি কখনো যুক্তরাষ্ট্রে যাননি। সাত বছর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালনের পর পরবর্তী কমিটিতে সিনিয়র সভাপতি নির্বাচিত হন। পরে ওই কমিটি থেকে পদত্যাগ করে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
‘প্রমাণহীন অভিযোগ সংগঠনের জন্য ক্ষতিকর’
সংবাদ সম্মেলনে ফুহাদ রেজা ফাহিম বলেন, রাজনৈতিক সংগঠনের কমিটি গঠন নিয়ে মতভিন্নতা কিংবা প্রত্যাশা পূরণ না হওয়ায় কারও মধ্যে হতাশা তৈরি হতে পারে। তবে সেই হতাশা থেকে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ তোলা এবং ব্যক্তিগত আক্রমণ করা সংগঠনের ঐক্য ও শৃঙ্খলার জন্য ক্ষতিকর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে ব্যক্তি ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, “গুজব নয়, তথ্য ও প্রমাণের ভিত্তিতে কথা বলা উচিত।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি জাকারিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সম্পাদক জব্বার মিলন, সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি ও দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম অনিক।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি