
দৈনিক কুষ্টিয়া অসলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের পুরোন বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে এবং একটি ছাগলের মৃত্যু হয়েছে। দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে বলে স্থানীয়দের ধারণা।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। তবে বাড়িতে কেউ থাকতেন না। বাড়িটিতে মূলত গবাদিপশু পালন করা হতো।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই বাড়িতে বেশ কয়েকটি গবাদিপশু ছিল। স্থানীয়দের সহায়তায় সেগুলো উদ্ধার করা সম্ভব হলেও আগুনে বাড়ির আসবাবপত্র পুড়ে যায়। এ সময় একটি ছাগল মারা যায়।
নুসরাত তাবাসসুমের মা জোহরা খাতুন পাপিয়া বলেন, ‘হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। পরে বাড়িতে গিয়ে দেখতে পান পুরো বাড়িতে আগুন জ্বলছে।
স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, নুসরাতের বাবা বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হালিম (টম মাস্টার) আগে ওই বাড়িতে বসবাস করতেন। বর্তমানে তিনি পাশেই আরেকটি বাড়ি নির্মাণ করে সেখানে থাকেন।
এ ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর সংসদ সদস্য। জামায়াত-নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
আগুনের প্রকৃত উৎস, হামলাকারীদের পরিচয় এবং এ ঘটনার পেছনের কারণ সম্পর্কে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
শুভব্রত আমান
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি