
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার খোকসায় হাসপাতাল গেট এলাকায় একটি ফার্মেসির ভেতরে ঢুকে মো. ফরহাদ সরদার (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালিয়ে পালিয়ে যায়। আহত ব্যবসায়ীকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত ফরহাদ সরদার খোকসা কালীবাড়ি এলাকার আঃ রহমানের ছেলে। তিনি হাসপাতাল গেটসংলগ্ন সরদার ফার্মেসির ব্যবসা পরিচালনা করতেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে ১০-১২ জন মুখোশধারী ব্যক্তি হাসুয়া ও বেকিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সরদার ফার্মেসির ভেতরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা ফরহাদ সরদারের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজন ও আশপাশের দোকানিরা রক্তাক্ত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ফরহাদের সুচিকিৎসার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে জোরালো চেষ্টা চলছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি