
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকায় কুষ্টিয়া পৌরসভার জন্য সুলতান মারুফ তালহার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ মনোনয়নের মধ্য দিয়ে আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ায় এনসিপির নির্বাচনী প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে নতুন মাত্রা পেল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় দলের প্রার্থী ঘোষণা করা হয়। ঘোষিত তালিকায় কুষ্টিয়া পৌরসভার মেয়র পদে সুলতান মারুফ তালহাকে মনোনীত করা হয়েছে।
দলীয় মনোনয়ন পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় তালহা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, দলের পক্ষ থেকে তাঁর ওপর যে আস্থা রাখা হয়েছে, তা তিনি দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা নিয়ে নাগরিক কল্যাণে কাজ করতে চান তিনি।
কুষ্টিয়া পৌরসভার নাগরিক সুবিধা, সড়ক উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে অতীতের সম্পৃক্ততার কথা তুলে ধরে তালহা বলেন, বিভিন্ন সময় পৌর এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার সুযোগ হয়েছে তাঁর। বিশেষ করে রাধারহাট মোড় থেকে চালের বাজার এবং চালের বাজার থেকে বড়বাজার পর্যন্ত সড়ক উন্নয়নসংক্রান্ত কাজে সম্পৃক্ততার কথা উল্লেখ করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক উদ্যোগেও পৌর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেছেন বলে জানান।
তার বক্তব্যে পৌরবাসীর জন্য কাজ করার প্রত্যয়ও উঠে আসে। তালহা বলেন, তিনি কেবল কোনো নির্বাচনী পদে থেকে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবেও মানুষের পাশে থাকতে চান। জনবান্ধব উদ্যোগ ও নাগরিক কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
এনসিপির এ মনোনয়নকে ঘিরে কুষ্টিয়া পৌরসভার আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক আলোচনা নতুন করে সামনে এসেছে। নির্বাচনে দলীয় প্রার্থীদের অংশগ্রহণ, নাগরিক প্রত্যাশা ও পৌর উন্নয়নের বিষয়গুলো আগামী দিনে স্থানীয় রাজনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, গত ১০ মে প্রথম পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ১০০ জন প্রার্থীর নাম প্রকাশ করে এনসিপি। দ্বিতীয় পর্যায়ে আরও ১০০ জনের নাম ঘোষণার মাধ্যমে পৌরসভা ও উপজেলা পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি অব্যাহত রেখেছে দলটি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি