
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি চালান পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটের দিকে তিনটি বিশেষায়িত লরিতে করে জ্বালানিবাহী চালানটি প্রকল্প এলাকায় নেওয়া হয়। এ নিয়ে প্রকল্পে মোট সাতটি চালান পৌঁছাল। এর মধ্যে একটি প্রথম ইউনিটের জন্য এবং ছয়টি দ্বিতীয় ইউনিটের জন্য।
সংশ্লিষ্ট অফিসাররা এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইউরেনিয়ামবাহী লরিগুলো রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় সড়কপথে জ্বালানি পরিবহন করা হয়। যাত্রাপথের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়। যানজট এড়াতে কিছু সময়ের জন্য মহাসড়কে ভারী যানবাহন চলাচলও নিয়ন্ত্রণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে সাতটি কার্গো চালানে মোট ১৬৩টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সর্বশেষ চালানসহ ছয়টি চালান পৌঁছেছে। বাকি একটি চালান আসার কথা রয়েছে। অন্যদিকে প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও ৪৮টি ফুয়েল অ্যাসেম্বলি দুটি চালানে আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে দুই ইউনিটের জন্য নয়টি চালানে এসব জ্বালানি দেশে আসার কথা।
এদিকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গত ১৭ নভেম্বর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ওই দিন বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হয়। পরীক্ষার সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর ও গ্রিডের সঙ্গে সংযুক্ত বিভিন্ন ব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণ করা হয়। পরবর্তী সময়ে উৎপাদন কমিয়ে ৩০০ মেগাওয়াটে আনা হয়।
তবে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন এখনো শুরু হয়নি। বাণিজ্যিক উৎপাদনের আগে আরও কয়েক ধাপের কারিগরি পরীক্ষা এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রম কয়েক মাস চলবে।
রাশিয়ার প্রযুক্তি ও সহযোগিতায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ভিভিইআর-১২০০ মডেলের ইউনিট রয়েছে। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি