
১৫৫ জন আসামি গ্রেপ্তার; কুষ্টিয়া ও মেহেরপুরে আটক ৪ কোটি ৪৬ লাখ টাকার মালামাল
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে গত সেপ্টেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৫৫ জন আসামিকে আটক করা হয়েছে।
বিজিবির যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন এসব অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত। এ অঞ্চলে চোরাচালান, মাদক পাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছে।
অভিযানে ৯.৩৪৯ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ৯৪.২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি ও ছয় রাউন্ড গুলি আটক করা হয়েছে। এ ছাড়া ৩ হাজার ১৯২ বোতল বিদেশি মদ, ২.৪২৮ কেজি হেরোইন, ২০৭.৬১ কেজি গাঁজা, ৭৭ হাজার ৪৭৮ পিস ইয়াবা, ১ হাজার ৫৭৮ বোতল ফেনসিডিল, ৭.০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২২ হাজার ৭৮৬ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।
কুষ্টিয়া ও মেহেরপুরে ৪ কোটি ৪৬ লাখ টাকার পণ্য আটক
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) গত সেপ্টেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত কুষ্টিয়া জেলা ও মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে ৪ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৪৪২ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আটক করেছে। এসব অভিযানে ১৭ জনকে আটক করা হয়।
আটক পণ্যের মধ্যে রয়েছে ৯৪.২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি, ৯ হাজার ২৫০ কেজি সার এবং অন্যান্য চোরাচালানি পণ্য। এ ছাড়া ৮৪১ বোতল বিদেশি মদ, ৯১৫ বোতল ফেনসিডিল, ১১১.৬০৮ কেজি গাঁজা, ১২ গ্রাম হেরোইন, ১১৯ পিস ইয়াবা এবং বিভিন্ন ধরনের ১ লাখ ৩০ হাজার ৫৬৩ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি