October 17, 2026, 10:42 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ফকির লালন সাঁইয়ের দর্শন ও মানবিক শিক্ষাকে বিদ্যালয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের লালনের দর্শন সম্পর্কে জানাতে স্কুলভিত্তিক কার্যক্রম নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
শনিবার কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, কয়েক সপ্তাহ আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে এসে লালনকে ঘিরে সরকারের নেওয়া উদ্যোগ সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় স্কুল পর্যায়ে কোনো কর্মসূচি রয়েছে কিনা এবং শিক্ষার্থীরা কীভাবে লালন সম্পর্কে জানতে পারবে, সে বিষয়েও জানতে চান তিনি। প্রধানমন্ত্রীর প্রত্যাশা, লালনের শিক্ষা বিদ্যালয় পর্যায়েও পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, বর্তমান বিশ্বে লালনের দর্শনের প্রাসঙ্গিকতা অনেক বেশি। পরিচয়কেন্দ্রিক বিভাজন ও সংঘাতের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অস্থিরতা তৈরি হচ্ছে। ধর্ম, বর্ণ ও পরিচয়ের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন বাড়ছে। এমন বাস্তবতায় লালনের মানবতাবাদী দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তথ্য উপদেষ্টা বলেন, জাত, ধর্ম ও লিঙ্গসহ বিভিন্ন ধরনের বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন লালন। মানুষের মধ্যে বিভেদ তৈরির পরিবর্তে মানবিক মূল্যবোধ ও সাম্যের যে শিক্ষা তিনি দিয়েছেন, তা বর্তমান সময়ের নানা সংকট মোকাবিলায় কার্যকর হতে পারে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, কুষ্টিয়াকে একদিন ‘লালন নগরী’ হিসেবে গড়ে তোলা হবে। এর মাধ্যমে এ অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ ঘটানোর পরিকল্পনা রয়েছে। গড়াই ও মধুমতী নদীতে আবারও নৌযান চলাচলের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং সাবেক সংসদ সদস্য মেহেদী আহমেদ রুমী।
লালন তিরোধান দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাখাল সেবার মধ্য দিয়ে সাধুসঙ্গের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রোববার দুপুরে পূর্ণসেবার মধ্য দিয়ে এবারের আয়োজনের মূল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা রয়েছে।