July 21, 2026, 8:06 am

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার উদ্দেশ্য কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতায় সমৃদ্ধ একজন গ্র্যাজুয়েট গড়ে তোলাই সময়ের প্রধান চাহিদা।
সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ভবনে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের গ্র্যাজুয়েশন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাইস চ্যান্সেলর বলেন, চতুর্থ শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। বাংলাদেশের বিপুল জনসংখ্যা থাকলেও প্রয়োজনীয় দক্ষ জনবলের ঘাটতি এখনও স্পষ্ট। ভবিষ্যতের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। আন্তরিকতা, একাগ্রতা এবং পেশাগত সক্ষমতাই তাদের সাফল্যের প্রধান ভিত্তি হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত শিক্ষা যেন বাস্তব জীবনে কার্যকর অবদান রাখতে পারে, সে লক্ষ্যে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তোলার বিকল্প নেই।
শিক্ষকদের উদ্দেশে উপাচার্য বলেন, একজন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলতে রাষ্ট্র উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিনিয়োগ করে। সেই বিনিয়োগের যথাযথ প্রতিফলন নিশ্চিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব শিক্ষকদের ওপর বর্তায়। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, আপনারা নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, গবেষণার আগ্রহ ও বুদ্ধিবৃত্তিক বিকাশের ক্ষেত্রকে আরও প্রসারিত করতে আপনাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞান ও গবেষণাভিত্তিক শিক্ষা সম্প্রসারণে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিনহাজউল হক।
এ সময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।