April 10, 2026, 4:46 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশব্যাপী কৃত্রিম সংকট ঠেকাতে সমন্বিত অভিযানে এক দিনেই ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার অবৈধভাবে মজুদ করা ভোজ্যতেল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ২০টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ তেল জব্দের পাশাপাশি বিভিন্ন অপরাধে মোট ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।
তিনি বলেন, ফেনীর ইসলাম রোড এলাকায় একটি তেলের গুদামে অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের আওতায় রাজধানীর পল্টন, শান্তিনগর, নয়াপল্টন ও পুরানা পল্টন এলাকায় বাজার মনিটরিং করা হয় এবং ব্যবসায়ীদের অতিরিক্ত মজুদ ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
যশোরের কোতোয়ালি এলাকায় মেসার্স নওয়াব মিলে ১৬ হাজার ৫২৪ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রংপুরে দুটি প্রতিষ্ঠানকে মূল্যবৃদ্ধি ও অবৈধ মজুদের অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ঢাকার সাভার, পল্লবী, শাহ আলী ও কক্সবাজারে পৃথক অভিযানে বড় ধরনের অনিয়ম না পাওয়া গেলেও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। শ্যামপুরের জুরাইন বাজারে এক অভিযানে ১ হাজার ৭০৫ বস্তা চাল ও ৫০০ বস্তা আটা অবৈধভাবে মজুদের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ হাজার ৫০০ লিটার ভোজ্যতেল মজুদের অপরাধে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নরসিংদীতে নির্ধারিত মূল্যের বেশি দামে তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ, রাজধানীর ডেমরা ও হবিগঞ্জ সদর এলাকায় পৃথক অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ক্ষেত্রে অবৈধ উৎপাদন, মজুদ, ভেজাল লেবেলিং ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়।
র্যাব জানিয়েছে, বাজার স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে নিয়মিত টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।