April 12, 2026, 7:44 pm

ইমরান উদ্দিন আহমদ/
কুষ্টিয়ায় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
গণভোটের রায় বাস্তবায়ন এবং চলমান জ্বালানি সংকট নিরসনের দাবিতে কুষ্টিয়ায় ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের চৌরহাস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মজমপুর গেট অতিক্রম করে পৌরসভা বিজয় উল্লাস চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মোঃ এনামুল হক। বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ.কে.এম আলী মহসিন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবজাল হোসেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর সিরাজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি আব্দুল লতিফ খান, এনসিপি কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়ক জান্নাতুল ফেরদাউস টনি, এবি পার্টির মুখ্য সমন্বয়ক বেলাল মাহমুদ এবং কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দারসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা দাবি করেন, দেশের অধিকাংশ জনগণ গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে, তা অনতিবিলম্বে কার্যকর করা জরুরি।
এছাড়া চলমান জ্বালানি সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। তাই জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১১ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।