August 29, 2026, 3:53 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের আরও ৭৪ সদস্যকে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১০ জনের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মোট ৭৪ সদস্যকে শনিবার নিয়োগপত্র দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণকারীদের মধ্যে ছিলেন গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা।
এ ছাড়া জুলাই অভ্যুত্থানে আহত ও দৃষ্টিশক্তিহীন আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলম প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করেন।
নিয়োগপ্রাপ্ত পরিবারের সদস্যরা এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা গুম ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।