November 27, 2026, 12:14 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান/ দুই ইউনিটের জন্য ৯ চালানে এসেছে ২১১টি জ্বালানি অ্যাসেম্বলি আদালতের নিষেধাজ্ঞায় আটকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চার লেন নির্মাণ, ঝুঁকিতে প্রতিদিনের চলাচল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী শেষের পথে গঙ্গা চুক্তির মেয়াদ, ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের পরিবেশ, সেচ, কৃষি ও অর্থনীতি এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান/ দুই ইউনিটের জন্য ৯ চালানে এসেছে ২১১টি জ্বালানি অ্যাসেম্বলি

শুভব্রত আমান/
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত পারমাণবিক জ্বালানি আমদানির কার্যক্রম শেষ হলো।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় প্রবেশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় জ্বালানি বহনকারী লরিগুলো প্রকল্পে নেওয়া হয়।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, রূপপুরের দুটি ইউনিটের জন্য মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি আনার পরিকল্পনা ছিল। এর মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে ১৬৩টি ইউরেনিয়াম জ্বালানি অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি চালানে ৪৮টি অ্যাসেম্বলি আনা হয়েছে। সব মিলিয়ে ২১১টি জ্বালানি অ্যাসেম্বলি আমদানির নির্ধারিত কার্যক্রম শেষ হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, বিশেষ কার্গো বিমানে এসব জ্বালানি বাংলাদেশে আনা হয়। পরে বিশেষায়িত যানবাহনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেগুলো রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছে দেওয়া হয়।
রাশিয়ার প্রযুক্তি ও সহযোগিতায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।
জ্বালানি আমদানির শেষ চালান পৌঁছানোর সময় কেন্দ্রটির প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রমও চলছিল।
গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুরের প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। ওই দিন বিকেল ৩টা ১৬ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রথম দফার পরীক্ষায় ইউনিটটি প্রায় সাড়ে আট ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে। এ সময় উৎপাদন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে পৌঁছায়। পরে কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
এরপর ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়। এ সময় কেন্দ্রের টারবাইন, জেনারেটর, নিয়ন্ত্রণব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা পরীক্ষা করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ১৭ নভেম্বর রূপপুরের প্রথম ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার ঘটনাকে দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় স্থান পেয়েছে।
রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও এখনো বাণিজ্যিক উৎপাদন শুরু হয়নি। পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনের আগে কেন্দ্রটির বিভিন্ন যন্ত্রপাতি ও নিরাপত্তাব্যবস্থার পরীক্ষা সম্পন্ন করতে হবে। পাশাপাশি বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) প্রয়োজনীয় অনুমোদনও নিতে হবে।
রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটে ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও কারিগরি মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পরীক্ষামূলক পরিচালনা শেষে রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে প্রথম ইউনিটের দায়িত্ব বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পর্যায়ক্রমে গ্রহণ করবে। পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) কেন্দ্রটির পরিচালনার দায়িত্ব নেবে।
দীর্ঘ নির্মাণপ্রক্রিয়া, জ্বালানি আমদানি ও বিভিন্ন পর্যায়ের কারিগরি পরীক্ষা শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখন উৎপাদন সক্ষমতা বাড়ানোর পথে এগোচ্ছে। দুটি ইউনিট চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে বড় অবদান রাখার পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারে কেন্দ্রটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net