April 17, 2026, 6:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩ কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্ব: মুজিবনগর সরকারের বহুমাত্রিক ঐতিহাসিক তাৎপর্য দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন

যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্ব: মুজিবনগর সরকারের বহুমাত্রিক ঐতিহাসিক তাৎপর্য

ড. আমানুর আমান,সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর, দৈনিক কুষ্টিয়া/
বাংলাদেশের মহান স্বাধীনতার পথে একাধিক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনাসমুহ জীবন্ত মাইলফলক হিসেবে ভূমিকা রেখেছে, যার মধ্যে মুজিবনগর সরকার ছিল অন্যতম গুরুত্বপূর্ণ। এটি শুধু একটি ঐতিহাসিক পর্ব ছিল না; বরং ছিল গভীর জাতীয় সংকটের সময়ে উদ্ভূত কৌশলগত রাজনৈতিক ও কার্যকর রাষ্ট্র-পরিকল্পনার বাস্তব প্রতিফলন। ইতিহাসের উদার ও নিরপেক্ষ বিশ্লেষণ করলে দেখা যায় যে ঐ নির্দ্দিষ্ট সময়টিতে মুক্তিযুদ্ধের সামগ্রিক অনিশ্চয়তা, নেতৃত্বের অনুপস্থিতি এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিরোধের খন্ড খন্ড প্রেক্ষাপটে এই সরকার প্রথমবারের মতো স্বাধীনতা সংগ্রামকে একটি সুসংগঠিত, রাষ্ট্র-সদৃশ কাঠামোয় রূপান্তরিত করেছিল।
২৫ মার্চ ১৯৭১-এর রাতে পাকিস্তানি সামরিক বাহিনী ঢাকাসহ বিভিন্ন শহরে “অপারেশন সার্চলাইট– নামে নির্মম অভিযান চালিয়েছিল, যার লক্ষ্য ছিল সরাসরি রাজনৈতিক নেতৃত্বকে নিশ্চিহ্ন করা। এই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা বাঙালি প্রতিরোধকে নৈতিক ও রাজনৈতিক শক্তি প্রদান করেছিল। কিন্তু পা মুহুর্তেই তার গ্রেপ্তার একটি নেতৃত্ব শূন্যতা এবং সারাদেশে প্রতিরোধ যুদ্ধগুলো বিচ্ছিন্ন পরিস্থিতি সৃষ্টি করে।
পরবর্তীতে বঙ্গবন্ধুর পক্ষে তৎকালীন সেনা অফিসার মেজর জিয়াউর রহমান পরে আরও অনেকে স্বাধীনতার ঘোষণা দিলেও সমন্বিত নেতৃত্বের অভাব থেকেই যায়। এই গুরুত্বপূর্ণ শূন্যতা পূরণের লক্ষ্যে ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার—যা মুজিবনগর সরকার নামে পরিচিত–এবং এটি ছিল এক অত্যন্ত সময়োপযোগী ও কৌশলগতভাবে অপরিহার্য পদক্ষেপ।
এই সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণের মাধ্যমে। এর কাঠামোতে শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়, যদিও তখন তিনি পাকিস্তানে বন্দি ছিলেন। সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী হন। খোন্দকার মোশতাক আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এ.এইচ.এম. কামরুজ্জামানসহ অন্যান্য নেতারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত ছিলেন। সামরিক দিকে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ পান কর্নেল এম.এ.জি. ওসমানী।
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই সরকারের মাধ্যমে রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে একটি অভিন্ন কাঠামোর অধীনে আনা হয়, যা যুদ্ধ পরিচালনার জন্য একটি সমন্বিত কমান্ড ব্যবস্থা গড়ে তোলে। এর ফলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিরোধগুলো একটি সুসংগঠিত ও লক্ষ্যভিত্তিক মুক্তিযুদ্ধে রূপ নেয়। এটি মুজিবনগর সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। কারণ, মার্চ ও এপ্রিলের শুরুতে দেশের বিভিন্ন স্থানে যে প্রতিরোধ গড়ে উঠেছিল তা ছিল বিচ্ছিন্ন, অসংগঠিত এবং অনেক ক্ষেত্রে সমন্বয়হীন। নিয়মিত বাহিনী, গেরিলা ইউনিট এবং স্থানীয় যোদ্ধাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। এই অস্থায়ী সরকার এসব বাহিনীকে সেক্টরভিত্তিক কাঠামোয় সংগঠিত করে, প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলে, অস্ত্র সরবরাহ নিশ্চিত করে এবং যুদ্ধ পরিকল্পনা প্রণয়ন করে—যার ফলে গেরিলা ও নিয়মিত উভয় বাহিনীই কার্যকরভাবে সংগঠিত হয়। সীমান্ত অঞ্চলে ভারতের সহায়তায় প্রশিক্ষণ শিবির, লজিস্টিক সহায়তা এবং কৌশলগত পরিকল্পনা এই সরকারের মাধ্যমেই বাস্তবায়িত হয়। ফলে যুদ্ধ একটি ধারাবাহিকতা ও কৌশলগত দিকনির্দেশনা লাভ করে।
সরকারটি তথ্যপ্রচার ও জনমত গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে এটি মুক্তিযুদ্ধের খবর প্রচার, পাকিস্তানি বাহিনীর নির্যাতন তুলে ধরা এবং মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধি করে। মুক্তাঞ্চলগুলোতে প্রশাসনিক কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং সীমিত বেসামরিক শাসনব্যবস্থা চালু করা হয়। এটি প্রমাণ করে যে এটি শুধু একটি প্রতিরোধ সংগঠন নয়, বরং একটি কার্যকর রাষ্ট্রব্যবস্থার প্রাথমিক রূপ।
আন্তর্জাতিক পরিসরেও মুজিবনগর সরকারের কূটনৈতিক ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান যেখানে যুদ্ধকে “অভ্যন্তরীণ বিষয়” হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছিল, সেখানে অস্থায়ী সরকার এটিকে জাতীয় মুক্তিযুদ্ধ হিসেবে প্রতিষ্ঠিত করার কাজ করে। ভারতের সঙ্গে সহযোগিতা সামরিক ও মানবিক সহায়তা নিশ্চিত করে এবং বিভিন্ন দেশে কূটনৈতিক মিশন পাঠিয়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা চালানো হয়। ঐ সময়ের শীতল যুদ্ধকালীন বৈশ্বিক রাজনীতি ও ক্ষমতার ভারসাম্যের কারণে আনুষ্ঠানিক স্বীকৃতি বিলম্বিত হলেও এই কূটনৈতিক প্রচেষ্টা আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পরবর্তীতে ভারতের সরাসরি সামরিক হস্তক্ষেপের পথ প্রশস্ত করে।
আমরা যদি আলোচনার ধারাবাহিকতায় মুজিবনগর সরকারের চ্যালেঞ্জগুলো নিয়ে প্রশ্ন করি তবে দেখব যে সেখানে চ্যালেঞ্জগুলো কেবল প্রশাসনিক বা সামরিক ছিল না। প্রথমত, আর্থিক সম্পদের তীব্র অভাব ছিল। দ্বিতীয়ত, প্রশাসনিক কাঠামো প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছিল। তৃতীয়ত, বঙ্গবন্ধুর অনুপস্থিতি নেতৃত্বে একটি মানসিক ও প্রতীকী শূন্যতা সৃষ্টি করেছিল। এছাড়া ঐ সরকারের মন্ত্রিসভার ভেতরে যুদ্ধ কৌশল, আন্তর্জাতিক কূটনীতি এবং ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো নিয়ে মতপার্থক্যও ছিল। তবে তাজউদ্দীন আহমদের দৃঢ় ও বাস্তবধর্মী নেতৃত্বে এসব মতভেদ বড় ধরনের বিভাজনে রূপ নেয়নি।
এটি সত্য যে, মুজিবনগর সরকার নিখুঁত ছিল না; বরং এটি ছিল সীমাবদ্ধতা সত্ত্বেও একটি কার্যকর রাজনৈতিক-সামরিক কাঠামো। এর সাফল্য যেমন স্পষ্ট, তেমনি এর সীমাবদ্ধতাও ইতিহাসের অংশ। তবে এই চ্যালেঞ্জ সত্ত্বেও এটি মুক্তিযুদ্ধকে একটি সুসংগঠিত, লক্ষ্যনির্ভর এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংগ্রামে রূপ দিতে সক্ষম হয়েছিল।
উপসংহারে বলা যায়, মুজিবনগর সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধে কেবল প্রাসঙ্গিক নয়, বরং কাঠামোগত ও কৌশলগতভাবে অপরিহার্য ছিল। এটি প্রতিরোধকে ঐক্যবদ্ধ করে, যুদ্ধকে দিকনির্দেশনা দেয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক পরিচয় প্রতিষ্ঠা করে। এমন একটি সরকারের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ হয়তো আরও দীর্ঘ, বিচ্ছিন্ন এবং কম কার্যকর হয়ে উঠত। ইতিহাসের দৃষ্টিতে এটি শুধু একটি অস্থায়ী প্রশাসন নয়; বরং এটি ছিল বাংলাদেশের রাষ্ট্রচিন্তা, বৈধতা এবং সংগঠিত রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রথম বাস্তব প্রতিফলন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net