November 4, 2026, 3:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশীর চেয়ে বাংলাদেশে এলপিজির দাম বেশি দ্বিতীয় পদ্মা সেতু: বৈরী স্রোত পেরিয়ে তৈরি করবে আরেক বদলে যাওয়া বাংলাদেশ এলপিজির দাম সমন্বয় হোক, কিন্তু মানুষের জীবনকে অসমন্বিত রেখে নয় ২৮ বছরের ছাত্ররাজনীতি, ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে আলোচনা; বিলুপ্ত চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পাঁচ সপ্তাহের ক্ষণগণনা শুরু ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু

দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশীর চেয়ে বাংলাদেশে এলপিজির দাম বেশি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

১২ কেজি গ্যাসের সমপরিমাণ দামে পাকিস্তানে প্রায় ১,৫৮৮, শ্রীলঙ্কায় ১,৫৬০ ও ভারতে ১,০৭৪ টাকা; বাংলাদেশে ২,০৬০ টাকা
দক্ষিণ এশিয়ার প্রতিবেশী চার দেশ ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেশি। বিভিন্ন ওজনের সিলিন্ডারের দাম সমপরিমাণ ১২ কেজি গ্যাসের হিসাবে রূপান্তর করে দেখা গেছে, বাংলাদেশে বেসরকারি খাতের একটি ১২ কেজির সিলিন্ডারের সরকারি নির্ধারিত দাম ২ হাজার ৬০ টাকা। অন্যদিকে প্রতিবেশী দেশগুলোতে সমপরিমাণ গ্যাসের দাম প্রায় ১ হাজার ৭৪ থেকে ১ হাজার ৫৮৮ টাকার মধ্যে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত সোমবার (২ নভেম্বর) নভেম্বর মাসের জন্য ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করে। নতুন এ দাম ওই দিন রাত ৮টা থেকে কার্যকর হয়েছে। এর আগে অক্টোবরে দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফলে দুই মাসে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ৪৭৫ টাকা।
প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তানে ১১ দশমিক ৮ কেজির একটি এলপিজি সিলিন্ডারের সর্বোচ্চ নির্ধারিত দাম ৩ হাজার ৪৭০ দশমিক ০৯ রুপি। ১২ কেজি গ্যাসের হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ১ হাজার ৫৮৮ টাকা। শ্রীলঙ্কায় ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৪ হাজার ৩৬৫ রুপি। সমপরিমাণ গ্যাসের দাম দাঁড়ায় প্রায় ১ হাজার ৫৬০ টাকা।
নেপালে সরকারি প্রতিষ্ঠান নেপাল অয়েল করপোরেশনের নির্ধারিত ১৪ দশমিক ২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ নেপালি রুপি। ১২ কেজির হিসাবে এর দাম প্রায় ১ হাজার ৪২৯ টাকা। ভারতের কলকাতায় ১৪ দশমিক ২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম ৯৬৮ রুপি। সমপরিমাণ গ্যাসের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৭৪ টাকা।
এ হিসাব অনুযায়ী, পাকিস্তানের তুলনায় বাংলাদেশে ১২ কেজি এলপিজির দাম প্রায় ৪৭২ টাকা, শ্রীলঙ্কার তুলনায় ৫০০ টাকা, নেপালের তুলনায় ৬৩১ টাকা এবং কলকাতার তুলনায় ৯৮৬ টাকা বেশি।
তবে দেশগুলোর সিলিন্ডারের ওজন, মূল্য নির্ধারণের পদ্ধতি, কর ও ভর্তুকির কাঠামো এক নয়। ভারতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত নিম্ন আয়ের নির্দিষ্ট গ্রাহকেরা বছরে প্রথম চারটি রিফিলে সিলিন্ডারপ্রতি ৩০০ রুপি ভর্তুকি পান। ফলে তাঁদের প্রকৃত ব্যয় সাধারণ গ্রাহকদের তুলনায় কম। অন্যদিকে পাকিস্তানে ওজিআরএ নির্ধারিত দাম সর্বোচ্চ মূল্যসীমা হিসেবে কার্যকর।
বাংলাদেশে বেসরকারি খাতের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেডের ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দামও নভেম্বরের জন্য ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বেসরকারি খাতের সিলিন্ডারের তুলনায় সরকারি সিলিন্ডারের সরবরাহ ও প্রাপ্যতা আলাদা বিষয়।
বিইআরসির নভেম্বরের মূল্য নির্ধারণে সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের চুক্তিমূল্য, আমদানি ব্যয়, পরিবহন ও আমদানিকারকের প্রিমিয়াম বিবেচনা করা হয়েছে। কমিশনের হিসাবে প্রতি টন এলপিজির পরিবহন ব্যয় ও আমদানিকারকের প্রিমিয়াম বাবদ ২৫০ মার্কিন ডলার এবং প্রতি ডলারের বিনিময় হার ১২৩ টাকা ৪৬ পয়সা ধরা হয়েছে। তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এসব ব্যয়ের তুলনামূলক নির্ভরযোগ্য তথ্য না থাকায় শুধু এই উপাদানগুলোর ভিত্তিতে বাংলাদেশে দাম বেশি হওয়ার কারণ নির্দিষ্ট করা যাচ্ছে না।
এ ছাড়া বিইআরসির নির্ধারিত দাম এবং বাজারে ভোক্তার প্রকৃত ক্রয়মূল্য সব সময় এক থাকে না। বাংলাদেশে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ রয়েছে। ফলে সরকারি মূল্যতালিকার পাশাপাশি বাজারে প্রকৃত বিক্রয়মূল্য, সরবরাহব্যবস্থা ও ভোক্তার ব্যয়ও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net