August 24, 2026, 9:38 pm

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দেশের সকল সিভিল সার্জনদের কাছ থেকে তার এলাকার সব অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের তথ্য চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবারের মধ্যেই তথ্য দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে- সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, এসব তালিকা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে চলতি মাসেই অভিযান চালানো হবে।
খুরশীদ আলম বলেন, অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের তথ্য পেতে জরুরি বৈঠক করে একটি কমিটি করে দেয়া হয়েছে। প্রতিটি জেলার সিভিল সার্জনকে দায়িত্ব দেয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের একারপক্ষে এ কাজ সম্পন্ন করা সম্ভব নয় জানিয়ে প্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থার সহযোগিতা চান স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক।
এসময় তিনি বলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম নিহতের ঘটনা দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটন। এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর অনুতপ্ত।
এর আগে, গত আগস্ট মাসে দেশের সকল লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের হালনাগাদ তথ্য চেয়ে সব বিভাগীয় পরিচালক ও জেলা সিভিল সার্জনদের চিঠি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়া যেসব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছে তাদের লাইসেন্স নবায়নের জন্য ২৩ আগস্ট সময় বেঁধে দেয় অধিদপ্তর।