November 19, 2026, 9:35 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরের আলোয় বাংলাদেশের রাষ্ট্রীয় সক্ষমতা: স্বপ্ন থেকে বাস্তবায়নের দীর্ঘ পথ চিকিৎসাসেবার আড়ালে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য! গোপালগঞ্জের ঘটনা নিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী পার্থ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর গত ১০ মাসে দায়িত্ব পালনে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪ হাইকোর্টের নির্দেশের পর কি হবে কুষ্টিয়ায় ১৮৪ অবৈধ ইটভাটার ? অভিযান হয়েছে মাত্র ৪টিতে রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান বিএনপি-জামায়াতের সমঝোতা/বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহে আমির হামজার ওয়াজ ২ হাজার ২০৭ কোটি টাকায় ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের পুরোন বাড়িতে আগুন, বাড়িতে ছিল গবাদি পশু

পদ্মায় নাব্য সংকটে সাময়িকভাবে বন্ধ দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দক্ষিণাঞ্চলের মানুষের ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান নৌপথ দৌলতদিয়া–পাটুরিয়া রুটে পদ্মা নদীর পানি কমে যাওয়ায় তীব্র নাব্য সংকট দেখা দিয়েছে। শুকনো মৌসুমের শুরুতেই এ সংকট প্রকট হয়ে ওঠায় রাজবাড়ীর দৌলতদিয়ায় অবস্থিত ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, গতকাল সকাল ৯টা থেকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পদ্মা নদীর তলদেশে অতিরিক্ত পলি জমে যাওয়ায় নৌপথে গভীরতা কমে গেছে, ফলে ফেরি চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় নাব্য সংকট নিরসনে ড্রেজিং কার্যক্রম শুরু করায় ঘাটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ঘাটসংশ্লিষ্টরা জানান, নদীর চ্যানেলে পলি জমে ফেরির নেভিগেশন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ড্রেজিংকাজ নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থেই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
ঘাটটি বন্ধ থাকায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নৌপথে যোগাযোগ সচল রাখতে বিকল্প ফেরিঘাট ব্যবহার করে পারাপার কার্যক্রম চালু রাখা হয়েছে, যাতে দীর্ঘ যানজট বা বড় ধরনের অচলাবস্থা তৈরি না হয়।
এ বিষয়ে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন ইনচার্জ (সারিং) হুমায়ন কবির বলেন,
“গতকাল সকাল ৯টা থেকে ৭ নম্বর ফেরিঘাট এলাকায় ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। এ কারণে ঘাটটি বন্ধ রাখা হয়েছে। ড্রেজিং শেষ না হওয়া পর্যন্ত কবে ঘাটটি আবার চালু হবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।”
দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান,
“নাব্য সংকটের কারণে ড্রেজিং কার্যক্রম চলমান থাকায় সকাল ৯টা থেকে ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রয়েছে। ড্রেজিং শেষ হলে ঘাটটি পুনরায় চালু করা হবে। বর্তমানে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ছোট ও বড় মিলিয়ে মোট ১২টি ফেরি দিয়ে পারাপার কার্যক্রম চালু রয়েছে।”
পদ্মা নদীতে পানি আরও কমলে নাব্য সংকটের মাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ফলে নৌপথ স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম জোরদার করার দাবি জানিয়েছেন ঘাট ব্যবহারকারী ও পরিবহন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net