August 8, 2026, 10:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন ভোরে ঝিনাইদহ সীমান্তে জটলা দেখে বিএসএফের রাবার বুলেট, বাংলাদেশি আহত চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি

প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাডাসের উদ্যোগে কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির হাতে মোবাইল হার্ট অ্যান্ড হেলথ হাসপাতাল; স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা
দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক মানবিক ও যুগান্তকারী উদ্যোগের সূচনা হয়েছে। বাংলাদেশ ডায়াবেটিস সমিতির (বাডাস) উদ্যোগে কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির কাছে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর করা হয়েছে। এই বাসের মাধ্যমে পরিচালিত হবে ‘নিলুফার খানম এ্যানী ফ্রি মোবাইল হার্ট অ্যান্ড হেলথ হাসপাতাল’, যা দেশের স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
শুক্রবার (১০ জুলাই) ঢাকার মিরপুরে বিআইএইচএস হাসপাতাল ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই মোবাইল স্বাস্থ্যসেবা বাস কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির কাছে হস্তান্তর করা হয়। কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ও বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাসুদ রানা, বিএনপি নেত্রী সালিমা তালুকদার আরনি, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক (জিডি) ডা. ফজলুর রহমান, এশিয়ান কম্পিউটিং কাউন্সিলের চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি এবং জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুন নাহার ফাতেমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফায়েকুজ্জামান এবং এয়ার কমান্ডার (অব.) মঈন। এছাড়া প্রয়াত নিলুফার খানম এ্যানীর দুই সন্তান লায়লা জাহান ও তানভীর রহমান এবং পুত্রবধূ নাঈমা তানভীর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান বলেন, এই উদ্যোগ শুধু একটি মোবাইল হাসপাতাল নয়, বরং দেশের স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ চিন্তার প্রতিফলন। তিনি বলেন, আধুনিক বিশ্বে স্বাস্থ্যসেবা ক্রমেই প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। ইন্টারনেট-সংযুক্ত এই মোবাইল হাসপাতালের মাধ্যমে রোগীর বাড়ির কাছ থেকেই অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হবে। তাঁর মতে, এই উদ্যোগ দেশের স্বাস্থ্যসেবায় পথিকৃৎ হিসেবে বিবেচিত হবে।
কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টু বলেন, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সার্বিক সহযোগিতায় এই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের প্রত্যন্ত জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
প্রয়াত নিলুফার খানম এ্যানীর স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত এই মোবাইল হাসপাতালের সার্বিক পরিচালনায় থাকবে নিলুফার খানম এ্যানী ফাউন্ডেশন। পাশাপাশি এ উদ্যোগে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি।
মোবাইল হার্ট অ্যান্ড হেলথ হাসপাতালটি কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গিয়ে হৃদরোগ, কিডনি রোগ এবং অন্যান্য অসংক্রামক রোগের প্রাথমিক স্ক্রিনিং, ইসিজি পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় রেফারেল এবং স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। খুব শিগগিরই কুষ্টিয়া থেকে এ সেবার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
উদ্যোক্তাদের বিশ্বাস, এই ‘স্বাস্থ্যসেরা বাস’ শুধু একটি যানবাহন নয়; এটি হবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের জন্য আশার আলো। আধুনিক প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয়ে গড়ে ওঠা এই উদ্যোগ দেশের স্বাস্থ্যব্যবস্থায় একটি ইতিবাচক ও দীর্ঘমেয়াদি পরিবর্তনের ভিত্তি রচনা করবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net