August 21, 2026, 8:15 am

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন দেখল বাংলাদেশ। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি জোটের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। নির্বাচনের ফলাফলের গেজেট গতকালই প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় দরবার হলে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ। সংবিধানে রাষ্ট্রপতিকে রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে স্থান দেয়া হয়েছে এবং তার নামেই রাষ্ট্রের আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হয়।
সংসদে সরাসরি ভোট
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের নিয়মিত অধিবেশন না থাকায় বিশেষ বৈঠক আহ্বান করা হয়। জাতীয় সংসদের অধিবেশন কক্ষেই ভোটগ্রহণের ব্যবস্থা করে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়।
বেলা ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বৈঠক শুরু হয়। এর আগে নির্বাচন কমিশনের কর্মকর্তারা সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ব্যালট বাক্স পরীক্ষা করেন এবং তা সংসদ সদস্যদের প্রদর্শন করেন।
নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ভোটদানের নিয়ম ও প্রক্রিয়া সংসদ সদস্যদের সামনে তুলে ধরেন। তিনি দুই প্রার্থীর নাম ঘোষণা করে ব্যালট গ্রহণ, ভোট প্রদান এবং ব্যালট বাক্সে জমা দেয়ার পদ্ধতি ব্যাখ্যা করেন।
পর্যায়ক্রমে সংসদ সদস্যদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেয়া হয়। ব্যালটের নির্ধারিত অংশে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করার পর পছন্দের প্রার্থীর নামের পাশে ভোট দেন তারা। পরে ব্যালট ভাঁজ করে নির্ধারিত বাক্সে জমা দেন।
শুরুতেই ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর পর্যায়ক্রমে সংসদ সদস্যরা ভোট দেন।
ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। ভোট শেষে সংসদ সদস্যদের উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হয় এবং ভোট গণনা শুরু করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। বিকাল ৫টা ১৮ মিনিটে গণনা শেষে সিইসি এএমএম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৪৩ জন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট এবং কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। প্রাপ্ত ভোটের ফল অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন।
ফল ঘোষণার পর সংসদ কক্ষে করতালির মাধ্যমে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলান মির্জা ফখরুল। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তাকে আলিঙ্গন করে অভিনন্দন জানান। পরে অন্য সংসদ সদস্যরাও তাকে শুভেচ্ছা জানান। মির্জা ফখরুল হাত নেড়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংসদ সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
ভোট দেননি ছয় এমপি
রাষ্ট্রপতি পদে প্রার্থী হলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় নিজে ভোট দিতে পেরেছেন। তবে তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দিতে পারেননি।
এ ছাড়া ছয় সংসদ সদস্যও ভোট দেননি। তারা হলেন ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, সাতক্ষীরা-৪ আসনের জিএম নজরুল ইসলাম, কিশোরগঞ্জ-৩ আসনের মুহাম্মদ ওসমান ফারুক, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রুমিন ফারহানা এবং সিলেট-৫ আসনের মোহাম্মদ আবুল হাসান।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র সংসদ সদস্যরা নির্বাচিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই ভোট দিয়েছেন।
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন
বাংলাদেশে রাষ্ট্রপতি পদে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছিল ১৯৯১ সালের ৮ অক্টোবর। এরপর ১৯৯৬, ২০০১, ২০০২, ২০০৯, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে একাধিক প্রার্থী না থাকায় ভোটের প্রয়োজন হয়নি। প্রতিবারই একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।
এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আলাদা প্রার্থী দেয়ায় সেই ধারায় ছেদ পড়ে। ফলে ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।
অলি আহমদের অভিনন্দন
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অন্তত দীর্ঘদিনের একটি সীমাবদ্ধতা থেকে দেশকে বের করে এনেছে।
ফল ঘোষণার পর রাজধানীর মহাখালী ডিওএইচএসে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে অলি আহমদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে তিনি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করছেন।
দীর্ঘ রাজনৈতিক যাত্রায় দুজনই একসঙ্গে দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে অলি আহমদ বলেন, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নাগরিক অধিকার ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রাখার প্রশ্নে তাদের বিশ্বাস ও অঙ্গীকার অভিন্ন।
রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশে এ নির্বাচন দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বিতাহীন থাকায় গুরুত্বপূর্ণ এ পদে বিকল্প নেতৃত্ব, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি জাতীয় সংসদ ও জনগণের সামনে বিবেচিত হওয়ার সুযোগ ছিল না। ৩৫ বছর পর এবারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অন্তত সেই সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসেছে।
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতান্ত্রিক মূল্যবোধ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং নাগরিক অধিকার রক্ষায় ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন অলি আহমদ।
বিভিন্ন মহলের অভিনন্দন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস, ব্রিটিশ হাইকমিশন ও সুইজারল্যান্ড দূতাবাস।
ফল ঘোষণার ১৫ মিনিটের মধ্যে চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনন্দন জানানো হয়। এর ১৫ মিনিট পর ব্রিটিশ হাইকমিশনও অভিনন্দন জানায়।
চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দেয় এবং নতুন যুগে দুই দেশের যৌথ প্রচেষ্টায় ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ে তুলতে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত তারা।
ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, দুই দেশের ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরো সুদৃঢ় করতে যুক্তরাজ্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে প্রত্যাশী।
সুইজারল্যান্ড দূতাবাসও অভিনন্দন জানিয়ে বলেছে, দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী, বিস্তৃত ও গভীর হবে।
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে তার নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরো সমুন্নত করবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও সাবেক অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি মির্জা ফখরুলকে সৎ, পরোপকারী, পরিচ্ছন্ন ও দক্ষ রাজনীতিক হিসেবে উল্লেখ করেন এবং তার সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত বন্ধুত্বের কথাও স্মরণ করেন।
সাবেক অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদও মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ব্যাচে অর্থনীতি বিভাগে পড়াশোনা এবং সলিমুল্লাহ মুসলিম হলে একই কক্ষে থাকার স্মৃতিচারণ করে তিনি মির্জা ফখরুলকে সৎ, সাদা মনের ও আদর্শবান ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।
জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, বাংলাদেশে রাষ্ট্রপতি মূলত আলংকারিক একটি পদ। তবে রাষ্ট্রের সংকটময় মুহূর্তে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হলে মির্জা ফখরুল যথাযথ দায়িত্ব পালন করবেন—এটাই তার প্রত্যাশা।
আজ শপথ, শূন্য হবে সংসদীয় আসন
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী ডেপুটি স্পিকার কায়সার কামাল বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্যপদ শূন্য হবে। একই সঙ্গে তার মন্ত্রিত্বের দায়িত্বও শেষ হবে। আর নতুন রাষ্ট্রপতির শপথের মধ্য দিয়ে শেষ হবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের দায়িত্বের অধ্যায়।