July 27, 2026, 5:39 pm

সাইদ হাসান, মেহেরপুর /
মেহেরপুরের গাংনী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) দুপুরে বাসস্ট্যান্ডের এসবি ও হানিফ পরিবহনের কাউন্টারের সামনে একটি পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ব্যস্ততম বাসস্ট্যান্ড এলাকায় একটি বাজারের প্লাস্টিকের ব্যাগ দীর্ঘ সময় ধরে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ব্যাগের ভেতরে বালির স্তরের নিচে এবং সজনে গাছের পাতায় ঢাকা একটি বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে তারা গাংনী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।
ঘটনাস্থলটি এনসিপির পূর্বনির্ধারিত পদযাত্রার মঞ্চ থেকে প্রায় ৫০ মিটার দূরে অবস্থিত। তবে উদ্ধার হওয়া বস্তুটি কার্যকর বিস্ফোরক কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি পুলিশ।
ঘটনার বিষয়ে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও মেহেরপুর জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদ দাবি করেন, পূর্বনির্ধারিত পদযাত্রাকে কেন্দ্র করে ভীতি সৃষ্টি এবং কর্মসূচি ব্যাহত করার উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে নির্ধারিত সময়েই পদযাত্রা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী বলেন, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ঘটনার প্রকৃত উদ্দেশ্য ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।