October 10, 2026, 1:25 pm

দৈনিক কুষ্টিয়ার অনলাইন/
স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। ক্যান্সার সচেতনতামূলক সংগঠন ‘ক্যাপ’ (Care Awareness Program by Care)-এর উদ্যোগে শনিবার (১০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
‘স্ক্রিনিং জীবন বাঁচায়’—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা, আগাম শনাক্তকরণ ও স্বাস্থ্যসচেতনতার বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।
শোভাযাত্রা শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সঠিক সময়ে স্তন ক্যান্সার শনাক্ত করা এবং নিয়মিত স্ক্রিনিংয়ের আওতায় আসা সম্ভব হলে অনেক জীবন রক্ষা করা সম্ভব। এ রোগ নিয়ে প্রচলিত সামাজিক লজ্জা, সংকোচ ও ভ্রান্ত ধারণা দূর করে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “ক্যান্সার প্রতিরোধ এবং ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। এর মাধ্যমে যে সচেতনতা সৃষ্টি হবে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তা ক্যান্সারের মতো একটি ভয়াবহ রোগ থেকে আমাদেরকে প্রতিরোধ করতে সাহায্য করবে।”
তিনি আরও বলেন, “সচেতনতামূলক কার্যক্রমটি শুধু এই অনুষ্ঠানের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে স্কুল-কলেজ থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত ব্যাপকভাবে প্রচার ও প্রসারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বর্তমান পরিপ্রেক্ষিতে নারী শিক্ষার ক্ষেত্রেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আমি এই কমিটিকে এ বিষয়ে আরও উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং এ ধরনের কর্মসূচি আয়োজনের জন্য তাদের সাধুবাদ জানাচ্ছি।”
শোভাযাত্রার অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মে ইদ্রিস আলী।