October 13, 2026, 1:05 am

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া শহরের নিশান মোড় এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে জমি থেকে উচ্ছেদ এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শাহিনুজ্জামান।
জিডিতে কালিশংকরপুর মালিথাপাড়া এলাকার শাহজাহানের ছেলে শামীমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে হুমকি ও হয়রানির অভিযোগ করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা জিডিটির নম্বর ৪৮৬, তারিখ ৭ অক্টোবর ২০২৬।
জিডি ও অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধ এবং পূর্বশত্রুতার জের ধরে গত ৬ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে শাহিনুজ্জামান মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া মডেল থানাধীন হাউজিং এলাকার নিশান মোড়ের কাছে পৌঁছান। এ সময় কালিশংকরপুর মালিথাপাড়া এলাকার মোঃ আলামিন (৪০), পিতা—মোঃ মিন্টু, তাকে পেছন থেকে ডাক দেন।
শাহিনুজ্জামান জিডিতে উল্লেখ করেন, ডাক শুনে তিনি মোটরসাইকেল থামিয়ে দাঁড়ালে অভিযুক্তরা সেখানে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও খুন-জখমের হুমকি দেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে হেনস্তা করারও চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এগিয়ে এসে তাকে অভিযুক্তদের হাত থেকে উদ্ধার করেন বলে জিডিতে দাবি করেছেন শাহিনুজ্জামান। পরে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করার সময় তাকে হত্যার হুমকি দিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।
শাহিনুজ্জামানের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তাকে নিজ জমি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী।
তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।