November 25, 2026, 4:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শেষের পথে গঙ্গা চুক্তির মেয়াদ, ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের পরিবেশ, সেচ, কৃষি ও অর্থনীতি এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা

শেষের পথে গঙ্গা চুক্তির মেয়াদ, ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের পরিবেশ, সেচ, কৃষি ও অর্থনীতি

প্রধানমন্ত্রী জিকে খালের খনন কাজ উদ্বোধন করবেন
দৈনিক কুষ্টিয়া অনলাইন /
বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। অথচ নতুন চুক্তি বা নবায়ন নিয়ে দুই দেশের আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরু হয়নি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা কিভাবে নিশ্চিত হবে তো এখন অনিশ্চিত।
এ অনিশ্চয়তা শুধু কূটনৈতিক সম্পর্কের বিষয় নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, সেচ, মৎস্য, নদীর নাব্যতা ও আঞ্চলিক অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী আসছেন তিনি যা করবেন /
প্রধানমন্ত্রী তারেক রহমান ২ডিসেম্বর কুষ্টিয়া এসে তিনি গঙ্গা কপোতাক্ষ প্রকল্পের শেষ খালের হনন কাজ উদ্বোধন করবেন। একই সাথে রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন কর্মসূচি উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর এ কর্মসূচিকে ঘিরে এ অঞ্চলের মানুষ কিছুটা আশান্বিত হয়েছেন।
গঙ্গার পানিপ্রবাহের ওপর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী ব্যবস্থার একটি বড় অংশ নির্ভরশীল। শুষ্ক মৌসুমে উজান থেকে পানিপ্রবাহ কমে গেলে পদ্মা ও এর সংযুক্ত নদীগুলোতে পানির সংকট বাড়ে। বিশেষ করে গড়াই নদীর প্রবাহ ব্যাহত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় পানির ঘাটতি, লবণাক্ততার বিস্তার ও সুন্দরবনের উপরে বীরব্য সৃষ্টি করে পরিবেশগত সংকট তীব্র হওয়ার আশঙ্কা দীর্ঘদিনের । ফলে গঙ্গার পানি বণ্টনের ভবিষ্যৎ এ অঞ্চলের পরিবেশ, কৃষি ও অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তিতে জানুয়ারি থেকে মে পর্যন্ত ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহের ভিত্তিতে প্রতি ১০ দিন অন্তর পানি বণ্টনের ব্যবস্থা করা হয়। প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান ভাগে পানি পায়। ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে প্রবাহ থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি ভারত পায়। ৭৫ হাজার কিউসেক বা তার বেশি প্রবাহ হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি বাংলাদেশ পায়। তবে প্রবাহ ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে দুই দেশ জরুরি আলোচনার মাধ্যমে সমন্বয়ের বিধান রয়েছে।

চুক্তির এই বণ্টন সূত্র পানির প্রাপ্যতার ওপর নির্ভরশীল হলেও অস্বাভাবিক কম প্রবাহের পরিস্থিতিতে বাংলাদেশের জন্য নির্দিষ্ট ন্যূনতম পানিপ্রাপ্তির বাধ্যতামূলক নিশ্চয়তা নেই। ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তিতে সংকটকালীন সময়ে যেকোনো ১০ দিনের মেয়াদে বাংলাদেশের নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ দেওয়ার গ্যারান্টি ক্লজ ছিল। ১৯৯৬ সালের চুক্তিতে সেই নিশ্চয়তা পুনর্বহাল করা হয়নি। নতুন চুক্তিতে এ ধরনের ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ।

পানিপ্রবাহ কমে গেলে দ্বিতীয় বৃহত্তম শেষ প্রকল্প দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া জেলায় অবস্থিত গঙ্গা কবতাক্ষ শেষ প্রকল্প বন্ধ হয়ে যাবে। ১৯৯০ থেকে ১৯৯৬ পর্যন্ত শেষ বন্ধ হওয়ার প্রতিক্রিয়া ছিল ভয়াবহ।খাদ্য সংকট ও পরিবেশগত বিপর্যয় ওই সময়ে এই অঞ্চলের ব্যাপক ক্ষতি সাধিত হয়।
শুষ্ক মৌসুমে পর্যাপ্ত মিঠাপানি না থাকলে কৃষকদের সেচব্যয় বাড়বে, জমিতে পানির প্রাপ্যতা কমবে এবং উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হবে। নদী ও খাল থেকে সেচের পানি সংগ্রহ কঠিন হয়ে পড়লে কৃষক ভূগর্ভস্থ পানির ওপর আরও নির্ভরশীল হতে পারেন, যা কিছু এলাকায় ভূগর্ভস্থ পানির ওপর চাপ বাড়াতে পারে। একই সঙ্গে নদীতে মিঠাপানির প্রবাহ কমে গেলে লবণাক্ততা উজানের দিকে বিস্তারের ঝুঁকি বাড়বে। এতে ফসলের উৎপাদন, জমির ব্যবহার, মৎস্যসম্পদ ও কৃষিভিত্তিক জীবিকা ক্ষতিগ্রস্ত হতে পারে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে এর প্রভাব কৃষিক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। কৃষি উৎপাদন কমলে কৃষকের আয়, কৃষিশ্রমিকের কর্মসংস্থান, স্থানীয় বাজারে পণ্য সরবরাহ ও কৃষিভিত্তিক ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। নদীর নাব্যতা কমে গেলে নৌপরিবহন ও পণ্য পরিবহনের ব্যয় বাড়তে পারে। পানির সংকট ও লবণাক্ততার প্রভাবে মৎস্যসম্পদ, জলজ পরিবেশ এবং সুন্দরবনের ওপরও চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘমেয়াদে এসব সংকট আঞ্চলিক অর্থনীতিতে বহুমুখী ক্ষতির কারণ হতে পারে।

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি গত রবিবার কুষ্টিয়া এসে জানিয়েছিলেন বাংলাদেশ নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনার অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্যে ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরুর আহ্বান জানানো হয়েছে। গত জুনে বাংলাদেশ আলোচনার প্রস্তাব দেয় এবং আগস্টে ভারতের পক্ষ থেকেও একটি কারিগরি কমিটি গঠনের অনুরোধ জানানো হয়। সর্বশেষ ১৭ নভেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিক আলোচনার আহ্বান জানালেও ভারতের পক্ষ থেকে এখনো বৈঠকের সময়সূচি পাওয়া যায়নি।

গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতিতে বাংলাদেশ উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর কমিটির নেতৃত্ব দিচ্ছেন। পানিসম্পদ, পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি ও নদী বিশেষজ্ঞরা এতে রয়েছেন।

তবে নতুন চুক্তির পথে ভারতের অভ্যন্তরীণ ও আঞ্চলিক স্বার্থ, পশ্চিমবঙ্গের ভাগীরথী-হুগলি নদীতে পানিপ্রবাহ ও বন্দর সচল রাখার প্রয়োজন এবং বিহারের পানীয় জল, কৃষি ও শিল্পের চাহিদা গুরুত্বপূর্ণ বাধা হয়ে উঠতে পারে। পাশাপাশি নদীর প্রকৃত প্রবাহের পরিবর্তন, সংকটকালীন বণ্টন নিয়ে মতপার্থক্য এবং তথ্য বিনিময় ও যৌথ পর্যবেক্ষণের কার্যকারিতা নিশ্চিত করাও আলোচনার চ্যালেঞ্জ।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন সমঝোতা না হলে পানি বণ্টনের বিদ্যমান কাঠামো নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তবে চুক্তির অবসান মানেই পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে, এমন নয়। দুই দেশের সমঝোতার ভিত্তিতে অন্তর্বর্তী ব্যবস্থা বা নতুন বণ্টন কাঠামো তৈরি হতে পারে। কিন্তু কার্যকর সমঝোতা না থাকলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শুষ্ক মৌসুমের পানিপ্রবাহ, সেচ, কৃষি ও অর্থনীতির ঝুঁকি বাড়তে পারে।

বাংলাদেশ ও ভারতের ৫৪টি অভিন্ন নদীর মধ্যে গঙ্গাই একমাত্র নদী, যার পানি বণ্টনে কার্যকর চুক্তি রয়েছে। এ অবস্থায় নতুন চুক্তিতে শুধু পানি ভাগাভাগির সূত্র নয়, বরং ন্যূনতম প্রবাহের নিশ্চয়তা, তথ্যের স্বচ্ছতা, যৌথ পর্যবেক্ষণ, সংকটকালীন বিরোধ নিষ্পত্তি ও দীর্ঘমেয়াদি নদী ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করা জরুরি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, জীবিকা ও অর্থনীতির সুরক্ষায় আগামী আলোচনার সাফল্য তাই বিশেষ গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net