March 1, 2026, 3:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :

বিয়ে করেছেন মালালা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিয়ে করেছেন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ও নারী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই। যুক্তরাজ্যের বার্মিংহামের বাড়িতে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, মালালার স্বামী আসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স বিভাগের জেনারেল ম্যানেজার। তিনি ২০২০ সালের মে মাসে এই পদে যোগ দেন। মালালা বিয়ে করতে যাচ্ছেন বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তা নিজেই প্রকাশ করলেন।
মঙ্গলবার ( ৯ নভেম্বর) মালালা টুইট করে তার নিজের বিয়ের কথা জানান। সেই টুইটে স্বামী ও মা-বাবার সঙ্গে বেশ কয়েকটি ছবিও যুক্ত করে দিয়েছেন তিনি।
টুইটারে উচ্ছ্বসিত মালালা লিখেছেন, আজকের দিনটি আমার জীবনের একটি মহামূল্যবান দিন। আসার এবং আমি সারাজীবনের জন্য গাঁটছড়া বেঁধেছি। আমাদের জন্য প্রার্থনা করবেন। সামনের পথটুকু একসঙ্গে চলার জন্য অধীর হয়ে আছি।
তবে কিছুদিন আগেই বিয়ের ব্যাপারে নিজের অনাগ্রহের কথা জানিয়েছিলেন মালালা। গত জুন মাসে ব্রিটেনের একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছিলেন, মানুষকে কেন বিয়ে করতেই হবে এটা আমি বুঝতে পারি না। কাউকে জীবনে সঙ্গী করতে চাইলে কেন বিয়ের কাগজপত্রে সই করতে হবে। শুধুমাত্র যৌথতার মাধ্যমে কেন এটা হতে পারে না?
পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে জঙ্গিরা তাকে গুলি করে। পরে তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিনের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপরও নারীদের শিক্ষা নিয়ে কাজ চালিয়ে যান। তিনি ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। মালালা সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net