February 21, 2026, 12:10 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
প্রথমে রাষ্ট্রপতি শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন। এ সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন। মাইকে ভেসে ওঠে—‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’—গানের সুরে শহীদ মিনার প্রাঙ্গণ হয়ে ওঠে শ্রদ্ধাভারাক্রান্ত।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাতে অংশ নেন।
এরপর প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপির নেতাকর্মীরাও শহীদদের প্রতি ফুল দিয়ে সম্মান জানান। প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়েও শহীদ মিনারে শ্রদ্ধা অর্পণ করেন।
পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান হাসান মাহমুদ খাঁন।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তার সঙ্গে ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির হাসনাত আবদুল্লাহ এবং জামায়াত জোটের নির্বাচিত সদস্যরা।
এ ছাড়া বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সবশেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন অন্যান্য কমিশনারদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।
২১ ফেব্রুয়ারি শুধু ভাষা আন্দোলনের রক্তস্মৃতি নয়; এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও বিশ্বজুড়ে পালিত হয়। ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারে দিনটি বিশেষ তাৎপর্য বহন করে।