August 15, 2026, 12:03 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন ও তাঁর ভাই রুবেল মাহমুদ রতনকে ১৫ আগস্ট ঘিরে নেতাকর্মীদের গোপনে সংগঠিত করে খিচুড়ি রান্নার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা পবন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি। তাঁর ভাই রুবেল মাহমুদ রতন বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
পুলিশের ভাষ্য, পবন ও রতন দীর্ঘদিন ধরে গোপনে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। ১৫ আগস্ট উপলক্ষে তাঁরা দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে অভিযান চালানো হয়।
ভেড়ামারা থানা পুলিশ ও কুচিয়ামোড়া ক্যাম্পের সদস্যরা ইউনিয়ন পরিষদের পাশে অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম বলেন, শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদের পাশে পবন ও রতনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৫ আগস্ট উপলক্ষে খিচুড়ি রান্না করছিলেন। সেখানে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা চলছে—এমন তথ্য পাওয়ার পর ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান বলেন, ‘তাঁরা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। সংগঠিত হওয়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই ভাইয়ের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।