September 19, 2026, 2:49 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর ও ট্রেজারারদের সম্মানে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউট্যাব ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জাকির হুসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মমতাজ হোসেন এবং ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী।
তারা সবাই ইসলামী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন।
‘ইসলামী বিশ্ববিদ্যালয় আমার প্রাণের বিশ্ববিদ্যালয়’: প্রফেসর ড. জাকির হুসাইন /
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জাকির হুসাইন বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় আমার প্রাণের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে, এখানেই লেখাপড়া করব—এই আশা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত ছিলাম।’
তিনি বলেন, ‘এখানে এসে সবার সঙ্গে মিলেমিশে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। এই বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষকদের এখানে এবং বাইরেও বিভিন্ন দায়িত্বে দেওয়া হয়েছে—এটা আমাদের জন্য গর্বের। আমাদের আচার্য যেই নিয়তে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি, এজন্য দোয়া চাই।’
‘উদার মানসিকতা ও আন্তরিকতার সঙ্গে একযোগে কাজ করতে হবে’: প্রফেসর ড. আবু জাফর খান /
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক ইসলামি, সাধারণ ও বিজ্ঞান শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ঐতিহাসিক গুরুত্বের কথা তুলে ধরেন।
দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব ও আস্থার কথা উল্লেখ করে তিনি বিশ্ববিদ্যালয়ের সম্মান ও অগ্রগতিকে এগিয়ে নিতে জাতীয়তাবাদী শক্তির সবাইকে অতীতের কথা ভুলে উদার মানসিকতা ও আন্তরিকতার সঙ্গে সুসংহতভাবে একযোগে কাজ করার আহ্বান জানান।
ইউট্যাবের কার্যক্রমের ইতিহাস তুলে ধরলেন প্রফেসর ড. তোজাম্মেল হোসেন /
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন ইউট্যাবের কার্যক্রমের ইতিহাস তুলে ধরে বলেন, ২০১০ সালে ইউট্যাবের নাম ও কার্যক্রম নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়। ২০১২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইউট্যাবের অনুমোদন দেন। পরবর্তীতে দীর্ঘদিন কার্যক্রম থমকে থাকার পর ২০১৮ সালে বিএনপির উদ্যোগে বর্তমান কমিটি অনুমোদিত হয় এবং ইউট্যাব পুনরায় সক্রিয় হয়ে ওঠে।
নিজের দায়িত্বের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা একদমই নতুন একটি বিশ্ববিদ্যালয়। সেখানে সবকিছুই একদম শুরু থেকে শুরু করতে হচ্ছে। বিভাগ চালু, শ্রেণিকক্ষের ব্যবস্থা, জমি অধিগ্রহণ, প্রশাসনিক কার্যক্রম—সবই আমরা শুরু করছি।’
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এবং আচার্য আমাদের যে দায়িত্বটা দিয়েছেন, তা যথারীতি পালন করতে পারি—এই জন্য সকলের দোয়া কামনা করি।’
‘আরও অনেক যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক রয়েছেন’: প্রফেসর ড. একেএম মতিনুর রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, সরকার গঠনের পর বিভিন্ন দায়িত্ব বণ্টন ও মূল্যায়নের ক্ষেত্রে অতীতে নানা ব্যতিক্রম দেখা গেলেও এবার ইউট্যাবের মহাসচিবের উদ্যোগে বিগত দিনে শ্রম ও ত্যাগ স্বীকার করা নেতাদের নাম উচ্চতর পর্যায়ে তুলে ধরে মূল্যায়নের চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, ‘তবে আমি মনে করি, বর্তমান দায়িত্বপ্রাপ্তরাই কেবল একচ্ছত্র অধিকার পাওয়ার যোগ্য নন; ইসলামী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য জায়গায় আরও অনেক যোগ্য ও অভিজ্ঞ সিনিয়র শিক্ষক রয়েছেন।’
অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের দশের অধিক শিক্ষক বা এলামনাই বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছেন, যা অত্যন্ত গর্বের।’
‘স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চেষ্টা করছি’/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। এখানের অতীতের প্রশাসনিক কার্যক্রমগুলো খুব একটা সিস্টেমেটিক্যালি করা হয়নি। আমরা আমাদের জায়গা স্বচ্ছতার সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চেষ্টা করছি।’
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। ইউট্যাব ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভার)প্রফেসর ড. আতিকুর রহমান বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।