November 12, 2026, 10:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের পুরোন বাড়িতে আগুন, বাড়িতে ছিল গবাদি পশু খোকসায় ওষুধ ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে জখম কুষ্টিয়া সরকারি কলেজে ডিবি পুলিশের ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, ৬০ জনই নারী, দর ও শৈলকুপা শীর্ষে কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত/ অভিযুক্ত ইমন সদর উপজেলার পাটিকাবাড়ি থেকে আটক স্কুল ড্রেসের আড়ালে : যে কৈশোর নিরাপদ নয়, সে সমাজও নিরাপদ নয় কুষ্টিয়ায় স্কুল ছাত্রী ছুরিকাহত, ছুরিকাঘাতকারী নিজেও ছাত্র শহরের ডেঙ্গুর হটস্পট জোনে সচেতনতামূলক লিফলেট বিতরণ গ্রাম আছে, গ্রাম পুলিশও আছে; এবার গ্রামে পুলিশিং প্রতিষ্ঠিত হোক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ ইতিহাসের বাঁকবদল ও রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের উত্থান

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, ১১ দলের সমাবেশ হবে আবরার ফাহাদ স্টেডিয়ামে, শর্তসহ প্রশাসনের অনুমতি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক /
অবশেষে জেলা স্কুল নয় এগারো দলীয় জোটের লংমার্চ সমাবেশ হবে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে। এ মর্মে জেলা প্রশাসন শর্তসাপেক্ষে অনুমতি প্রদান করেছে। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

শত বছরের ঐতিহ্যবাহী কুষ্টিয়া জিলা স্কুলের মাঠে রাজনৈতিক সমাবেশ আয়োজনের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন বিদ্যালয়টির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানকে সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মসূচির বাইরে রেখে শিক্ষার স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে হবে।

তবে দিনভর এ নিয়ে আলোচনা-উদ্বেগের মধ্যে সোমবার সন্ধ্যায় সমাবেশ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে আগামী ৩১ অক্টোবর শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে জনসভা আয়োজনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুষ্টিয়াকে শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষে সহকারী কমিশনার (জুডিশিয়াল) মো. জাকিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সোমবার, ২৬ অক্টোবর জারি করা হয়।

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে মানববন্ধন করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। ‘কুষ্টিয়া জিলা স্কুল সবার, ঐতিহ্য রক্ষার দায়িত্বও সবার’—এমন বার্তা সংবলিত ব্যানার নিয়ে এতে শিক্ষার্থীরা অংশ নেন। পরে বিদ্যালয়কে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, রাজনৈতিক মতাদর্শ যার যার ব্যক্তিগত বিষয়। তবে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, খেলার মাঠ ও সামগ্রিক পরিবেশ শিক্ষার্থীদের পড়াশোনা, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের জন্য নিরাপদ ও নিরপেক্ষ থাকা প্রয়োজন। বিদ্যালয়ের মাঠে রাজনৈতিক সমাবেশ হলে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ঐতিহ্য ও ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তৈরি হতে পারে বলে তাঁরা মনে করেন।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইজাজ যারুল ইসলাম বলেন, “আমরা স্কুলে পড়াশোনা করতে আসি। স্কুলের মাঠ আমাদের খেলাধুলা, শরীরচর্চা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের জায়গা। এখানে কোনো রাজনৈতিক কর্মসূচি হলে আমাদের স্বাভাবিক পরিবেশ নষ্ট হতে পারে। আমরা চাই, কুষ্টিয়া জিলা স্কুল সবসময় রাজনীতিমুক্ত ও শিক্ষাবান্ধব পরিবেশে থাকুক।”

দশম শ্রেণির শিক্ষার্থী ইহসান আল আসাদ বলেন, “কুষ্টিয়া জিলা স্কুলের অনেক বছরের ঐতিহ্য রয়েছে। এই স্কুলের সঙ্গে আমাদের আবেগ ও ভবিষ্যৎ জড়িয়ে আছে। আমরা কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করছি না। আমাদের একটাই দাবি—শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখা হোক, যাতে শিক্ষার্থীরা নিরাপদ ও সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে।”

প্রাক্তন শিক্ষার্থী সাব্বির আল কাদেরী বলেন, “কুষ্টিয়া জিলা স্কুল শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি কুষ্টিয়ার শিক্ষা ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। আমরা চাই, প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীরা এই মাঠে খেলবে, শিখবে এবং নিজেদের গড়ে তুলবে। রাজনৈতিক কর্মসূচির জন্য বিদ্যালয়ের পরিবেশ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়—এটাই আমাদের প্রত্যাশা।”

আরেক প্রাক্তন শিক্ষার্থী রাজিব আহসান রঞ্জু বলেন, “আমরা যখন এই স্কুলে পড়েছি, তখনও বিদ্যালয়ের মাঠ ছিল শিক্ষার্থীদের প্রাণকেন্দ্র। বর্তমান শিক্ষার্থীদেরও সেই অধিকার রয়েছে। রাজনৈতিক দলগুলোর নিজস্ব কর্মসূচির জন্য অনেক জায়গা থাকতে পারে; কিন্তু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে দলীয় রাজনীতির বাইরে রাখাই সবার জন্য মঙ্গলজনক।”

প্রশাসনের সিদ্ধান্ত

এদিকে ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া রুটে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চের সমাপনী সমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছিল। এ কর্মসূচিকে সামনে রেখে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লংমার্চটি কুষ্টিয়ায় এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ করার পরিকল্পনা রয়েছে।

সমাবেশের স্থান ও আয়োজন নিয়ে আলোচনার মধ্যেই সোমবার জেলা প্রশাসনের কাছে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুষ্টিয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের জেলা সেক্রেটারি মো. এনামুল হক আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া লংমার্চ সফরের উদ্দেশ্যে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেন। পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, কুষ্টিয়ার মতামতের পরিপ্রেক্ষিতে ওই মাঠে জনসভা করার জন্য শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়।

প্রশাসনের অনুমতির শর্তগুলোর মধ্যে রয়েছে—আইনশৃঙ্খলার প্রতি সতর্ক দৃষ্টি রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন কোনো কার্যক্রম না করা, জনসভাস্থলে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক দল গঠন করে দায়িত্ব পালন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য না দেওয়া এবং উসকানিমূলক বক্তব্য প্রদান না করা।

এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে জনসভা শেষ করে মাঠ পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। আয়োজক কমিটির কোনো সদস্যের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে অথবা অন্য কোনো কারণে প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনসভা বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠ ছাড়া অন্য কোনো স্থান ব্যবহার করা যাবে না এবং অনুষ্ঠান চলাকালে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার দায় আয়োজক কমিটিকে নিতে হবে। একই সঙ্গে মাইক ব্যবহারে সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জনসাধারণের বিরক্তির সৃষ্টি না হয়।

জামায়াতের বক্তব্য

সমাবেশ নিয়ে আপত্তির বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার আমির খন্দকার এ কে মহসিন বলেন, “আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ। এ সমাবেশকে কেন্দ্র করে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই।”

তিনি বলেন, বিষয়টি তারা ইতিমধ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনকে অবহিত করেছেন।

এর আগে বণিক বার্তার পক্ষ থেকে জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উভয় পক্ষই তাদের অবস্থান তুলে ধরেছে। বিষয়টি নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

বিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান

কুষ্টিয়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলামও শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মসূচি না করাই উত্তম বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি জানান, ৩১ অক্টোবরের সমাবেশের বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তখন পর্যন্ত কোনো লিখিত আবেদন জমা পড়েনি।

শিক্ষার্থীদের মানববন্ধনে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থানের চেয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, মাঠের ব্যবহার এবং ঐতিহ্য সংরক্ষণের বিষয়টিই বেশি গুরুত্ব পেয়েছে। অন্যদিকে সন্ধ্যায় জেলা প্রশাসনের শর্তসাপেক্ষ অনুমতির ফলে ৩১ অক্টোবরের কর্মসূচি আয়োজনের পথও পরিষ্কার হয়েছে।

এখন শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের দাবি, রাজনৈতিক কর্মসূচি যেখানেই আয়োজন করা হোক না কেন, কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার পরিবেশ ও মাঠের স্বাভাবিক ব্যবহার যেন কোনোভাবেই ব্যাহত না হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net