November 14, 2026, 2:11 pm

ডিসেম্বরে প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে তিনটি বিশেষায়িত লরিতে করে এ পারমাণবিক জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়। চালানটি কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আনা হয়েছে।
এ নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটের জন্য মোট ছয়টি চালান দেশে পৌঁছাল। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটি চালান এসেছে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে সাতটি কার্গো বিমানে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রথম ইউনিটে ভবিষ্যতে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অতিরিক্ত অ্যাসেম্বলি আনা হবে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে পৌঁছানোর কথা রয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের তথ্য অনুযায়ী, রুশ প্রযুক্তিতে নির্মিত রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে চলছে।
গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ পর্যায়ের কার্যক্রম শুরুর অনুমোদন দেয়। এ পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের উৎপাদনক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর এবং পরিচালনা ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে।
পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। বিদ্যুৎকেন্দ্রের পরিভাষায় এ প্রক্রিয়াকে বলা হয় ‘সিনক্রোনাইজেশন’।
প্রকল্পের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে। তবে এ সময়সীমা নির্ভর করছে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সম্পন্ন এবং নিয়ন্ত্রক সংস্থার শর্ত ও অনুমোদন পূরণের ওপর।