November 15, 2026, 4:03 pm

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের হিসাবে গুরুতর আহত ৩৭০ জন; সদর দপ্তরের পরিসংখ্যানে ৯ মাসে হামলার ৪৪০ মামলা
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে দায়িত্ব পালন করতে গিয়ে ধারাবাহিক হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান, নিয়মিত টহল এবং সংঘাত নিয়ন্ত্রণের মতো দায়িত্ব পালনকালে কোথাও সংঘবদ্ধ হামলা, কোথাও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। পুলিশের ওপর এসব হামলায় প্রাণহানি ও গুরুতর আহত হওয়ার পাশাপাশি আইন প্রয়োগের সক্ষমতা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চারজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৩৭০ জন। গত ২৭ অক্টোবর দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি এ তথ্য জানায়। বিবৃতিতে স্বাক্ষর করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যানেও পুলিশের ওপর হামলার উল্লেখযোগ্য চিত্র পাওয়া গেছে। সদর দপ্তরের তথ্য উদ্ধৃত করে বাংলা ট্রিবিউনের ২৩ অক্টোবরের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে সারা দেশে পুলিশের ওপর হামলার ঘটনায় ৪৪০টি মামলা হয়েছে। আগের বছরের একই সময়ে এ ধরনের মামলার সংখ্যা ছিল ৪৬২। মাসভিত্তিক হিসাবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ৪২টি করে, মার্চে ৬৩টি, এপ্রিলে ৬৬টি, মে মাসে ৫৫টি, জুনে ৪৯টি, জুলাইয়ে ৪২টি, আগস্টে ৪১টি এবং সেপ্টেম্বরে ৪০টি মামলা হয়।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৭৬টি হামলার হিসাব এবং সদর দপ্তরের ৪৪০টি মামলার পরিসংখ্যান এক নয়। প্রথমটি দায়িত্ব পালনকালে হামলার ঘটনার হিসাব, অন্যটি পুলিশের ওপর হামলা সংক্রান্ত নথিভুক্ত মামলার সংখ্যা। ফলে দুটি পরিসংখ্যানকে সরাসরি তুলনা করার সুযোগ নেই।
আসামি ছিনিয়ে নিতে হামলা, আহত পুলিশ
সাম্প্রতিক কয়েকটি ঘটনা পুলিশের মাঠপর্যায়ের নিরাপত্তাঝুঁকির বিষয়টি সামনে এনেছে। গত ২৪ অক্টোবর গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ফেরিঘাট এলাকায় টহল দেওয়ার সময় পাঁচ পুলিশ সদস্যের ওপর হামলা চালায় একদল ব্যক্তি। এতে দুই পুলিশ সদস্য আহত হন। হামলাকারীরা পুলিশের গাড়িও ভাঙচুর করে। পরে এ ঘটনায় মামলা হয় এবং ২৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানায় গোপালগঞ্জ পুলিশ।
এর আগে ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।
গত ৯ অক্টোবর রাতে খুলনায় দায়িত্ব শেষে রিকশায় করে ফেরার পথে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হন পুলিশ পরিদর্শক শাহ আলম। তাঁর দুই হাতের রগ কেটে দেওয়া হয়। এ ঘটনার পর খুলনা মহানগর পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার বিষয়ে সতর্কতা জারি করে। বিশেষ অভিযানসহ দায়িত্ব পালনের সময় সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
এ ছাড়া গত ৯ জুন ঢাকার সাভারের বক্তারপুর এলাকায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হন দুই পুলিশ সদস্য। একপর্যায়ে ৪০ থেকে ৫০ জনের একটি দল তাঁদের ওপর ইট ও লাঠি নিয়ে হামলা চালিয়ে গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে ৫৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
আইন প্রয়োগের পরিবেশ নিয়ে উদ্বেগ
পুলিশের ওপর হামলার ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক হিসেবে দেখছেন অপরাধ বিশ্লেষকেরা। তাঁদের মতে, অপরাধীদের গ্রেপ্তার ও আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা হলে তা শুধু বাহিনীর সদস্যদের নিরাপত্তাই বিঘ্নিত করে না, বিচারপ্রক্রিয়া ও সাধারণ মানুষের নিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক মনে করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য থাকা প্রয়োজন। পুলিশের ওপর হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম বাধাগ্রস্ত করার প্রবণতা মোকাবিলায় রাজনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ জরুরি।
এদিকে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেছেন, পুলিশের মনোবল দৃঢ় রয়েছে। কয়েকটি ককটেল বিস্ফোরণ করে পুলিশকে দমিয়ে রাখা সম্ভব নয়। দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে আইনসম্মত, নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালনের উপযোগী পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়েছে।