October 12, 2026, 6:46 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক অপরাধপ্রবণতা পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার অগ্রগতি, তদন্ত ও নিষ্পত্তির অবস্থা, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অপরাধ প্রতিরোধে পুলিশের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অপরাধের ধরন ও প্রবণতা বিবেচনায় নিয়ে কোথায় পুলিশের নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, মামলার তদন্ত দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, ডিআইও-১, ডিএসবি, কুষ্টিয়া, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিবির অফিসার ইনচার্জ, সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ, টিআই (প্রশাসন), কুষ্টিয়া, কোর্ট পুলিশের ইনচার্জসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।