November 19, 2026, 5:09 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন /
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তারা যে দেশে পালিয়ে গেছে, সেই দেশের প্রভুদের খুশি করতে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা জনগণের অধিকার কেড়ে নিতে চায়। তবে বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না।
প্রধানমন্ত্রী বলেন, “খুনি-সন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর না।”
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
দেশের স্বার্থ, জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় চব্বিশের আন্দোলনের মতো সব দল-মতের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস, হত্যার রাজনীতি ও তাবেদারি অপশক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। এসব অপশক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে—‘এনাফ ইজ এনাফ’।
সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সময়েই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রকারীরা অতীতে জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে দীর্ঘ ১৬ বছর দেশ শাসন করেছে। তারা মানুষের বাক্স্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছিল।
তিনি বলেন, দেশের মানুষ আর নিশিরাতের নির্বাচন কিংবা ডামি নির্বাচন চায় না। জনগণ তাদের অধিকার ফিরে পেতে চায় এবং দেশকে গুম-খুন ও দমন-পীড়নের রাজনীতির বাইরে দেখতে চায়।
এ সময় প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে রংপুর বিভাগের পুরো অঞ্চলে গ্যাস সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে এ অঞ্চলে শিল্প-কারখানা গড়ে উঠবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক