November 20, 2026, 12:25 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিক্ষেপ করা চারটি বোমার মধ্যে দুটি বিস্ফোরিত হয়ে ব্যাংকের প্রধান ফটক ও সিঁড়ির পাশে আগুন ধরে যায়। তবে নৈশপ্রহরীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় ব্যাংকের ভেতরে তা ছড়াতে পারেনি। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরা চার ব্যক্তি ব্যাংকের সামনে এসে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এর মধ্যে দুটি বোমা প্রধান প্রবেশদ্বারের সামনে ও সিঁড়ির পাশে বিস্ফোরিত হয়। অপর দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
ঘটনার সময় বিস্ফোরণের শব্দ ও আগুন দেখতে পেয়ে বাজারের নৈশপ্রহরী জালাল উদ্দিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি আগুন নিভিয়ে ফেলেন। তাঁর দ্রুত পদক্ষেপের কারণে আগুন ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি।
গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখার ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য জানান, ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখা গেছে। ঘটনার পর পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ব্যাংক লক্ষ্য করে পেট্রোল বোমা জাতীয় বস্তু নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে তা গ্রহণ করা হবে। পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।