March 11, 2026, 10:55 am

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ভারত ও চীন। এদিকে বিদ্যমান চুক্তির আওতায় ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে পৃথক বৈঠক শেষে দুই দেশের রাষ্ট্রদূতরা জ্বালানি খাতে সহযোগিতার আগ্রহের কথা জানান।
অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের বলেন, জ্বালানি সমস্যা সমাধানে বাংলাদেশ ও চীন ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় জ্বালানি সহায়তা দিতে চীন বিশেষভাবে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে গত রোববার জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। বৈঠকে বিদ্যমান চুক্তির আওতায় ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে প্রতি মাসে ২০ হাজার টন ডিজেল আমদানির বিষয়টি আলোচনা হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ জানান, ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং মঙ্গলবার ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
বিপিসি সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। পাইপলাইনের মাধ্যমে আমদানির ফলে পরিবহন ব্যয় ও সময় সাশ্রয় হবে বলেও মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চলতি বছর এ চুক্তির আওতায় ইতোমধ্যে ৫ হাজার টন ডিজেল দেশে এসেছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও ৫ হাজার টন সরবরাহ নিশ্চিত করতে ঢাকা ও দিল্লির মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে। এছাড়া চুক্তিতে থাকা অতিরিক্ত ৬০ হাজার টন ‘অপশনাল’ পরিমাণ থেকেও ডিজেল সংগ্রহে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ।