August 14, 2026, 9:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুই কোটি টাকার নকল সিগারেট জব্দ, বিএটির এজাহারে ৩ লাখ, জব্দ তালিকা নিয়ে বড় প্রশ্ন ভুয়া কাবিন-তালাকনামার অভিযোগে কুষ্টিয়ায় মামলা, তদন্তে পুলিশ দর্শনা সীমান্ত দিয়ে আসছে ভারতের ১৯ নতুন প্রজন্মের রেল কোচ শতাব্দীর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খুলে গেল সূর্যের রহস্যের জানালা, বাংলাদেশ কেন বঞ্চিত হলো কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্ত কমিটি গঠন ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজেশনে উপাচার্যের উদ্যোগ, গঠন ৭ সদস্যের কমিটি দীর্ঘদিন পর নতুন কমিটি/ কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদার মেহেরপুরে রাস্তা মেরামতে মিলল ৯৬ মাইন, সেনাবাহিনীর হাতে নিষ্ক্রিয় কুষ্টিয়ায় এসএসসি ২০২৬: জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানে পাসের হার কমে ৬২.২৫%, ফেল ৬ লাখ ৯০ হাজার

জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ভারত ও চীন। এদিকে বিদ্যমান চুক্তির আওতায় ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশে পৌঁছেছে।
সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে পৃথক বৈঠক শেষে দুই দেশের রাষ্ট্রদূতরা জ্বালানি খাতে সহযোগিতার আগ্রহের কথা জানান।
অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের বলেন, জ্বালানি সমস্যা সমাধানে বাংলাদেশ ও চীন ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় জ্বালানি সহায়তা দিতে চীন বিশেষভাবে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে গত রোববার জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। বৈঠকে বিদ্যমান চুক্তির আওতায় ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে প্রতি মাসে ২০ হাজার টন ডিজেল আমদানির বিষয়টি আলোচনা হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ জানান, ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং মঙ্গলবার ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
বিপিসি সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। পাইপলাইনের মাধ্যমে আমদানির ফলে পরিবহন ব্যয় ও সময় সাশ্রয় হবে বলেও মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভারত থেকে দুই দিনে এলো ৫ হাজার টন ডিজেল/
ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে দুই দিনে মোট ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে। সোমবার ও মঙ্গলবার পাঠানো এই জ্বালানি তেল ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ডিপোতে সরবরাহ করা হয়।
পার্বতীপুর রেলহেড ডিপোর ইনচার্জ আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, মার্চ মাসে এটি ভারত থেকে আসা প্রথম ডিজেলের চালান। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকলে উত্তরাঞ্চলের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডিপো সূত্রে জানা গেছে, চলতি মাসে আরও প্রায় ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি হয়ে নির্মিত ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল বাংলাদেশে আসছে। প্রায় ১৩১ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের প্রায় ৫ কিলোমিটার ভারতের ভেতরে এবং বাকি ১২৬ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অংশে অবস্থিত।
২০২৩ সালের মার্চ মাসে এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে জ্বালানি তেল আমদানি কার্যক্রম শুরু হয়। দুই দেশের চুক্তি অনুযায়ী, পাইপলাইন চালুর পর প্রথম তিন বছর প্রতি বছর ২ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হবে। পরবর্তী তিন বছরে তা বাড়িয়ে বছরে ৩ লাখ মেট্রিক টন এবং পরে ধাপে ধাপে বছরে ৫ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
ডিপো সূত্রে আরও জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বিপিসির রেলহেড ডিপো থেকে রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় প্রতিদিন জ্বালানি তেল সরবরাহ করা হয়। তবে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছুটা বিঘ্ন সৃষ্টি হওয়ায় ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহে চাপ তৈরি হয়েছে।
বর্তমানে ডিপোতে প্রায় ৪৫ লাখ লিটার জ্বালানি তেল মজুত রয়েছে। অতিরিক্ত মজুত রোধে পেট্রল পাম্পগুলোতে চাহিদার তুলনায় কিছুটা কম পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ডিপোর ইনচার্জ আহসান হাবিব জানান, পাইপলাইনের মাধ্যমে বছরে সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন পর্যন্ত ডিজেল সরবরাহের সক্ষমতা রয়েছে। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে তেল বাংলাদেশে পৌঁছাতে সাধারণত দুই থেকে তিন দিন সময় লাগে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net