November 26, 2026, 2:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী শেষের পথে গঙ্গা চুক্তির মেয়াদ, ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের পরিবেশ, সেচ, কৃষি ও অর্থনীতি এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবর্তে সন্ত্রাসী তৎপরতা শুরু করেছে। দলটি যেভাবে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল, সেভাবেই আবারও ফিরে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

সীমান্ত এলাকায় আওয়ামী লীগের চার নেতার গোপন বৈঠকের বিষয়ে জানতে চাইলে আন্দালিভ রহমান পার্থ বলেন, নিজেদের রাজনৈতিকভাবে আলোচনায় রাখতেই তারা এমন তৎপরতা চালাচ্ছেন। তিনি বিষয়টিকে ‘হালকা ব্লাফ পলিটিক্স’ হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, ওই নেতাদের নিজ নিজ এলাকায় কোনো আন্দোলন বা রাজনৈতিক তৎপরতা দেখা যায়নি। দলের ভেতরে নিজেদের গুরুত্ব ধরে রাখতেই তারা সীমান্ত এলাকায় গেছেন।

শেখ হাসিনার প্রত্যাবর্তন ও বিচার/

শেখ হাসিনার দেশে ফেরা ও বিচার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দেশে ফিরলে তাকে প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। কোনো অগ্রহণযোগ্য দাবি বা অনুরোধ সরকার বিবেচনা করবে—এমন ধারণা অবাস্তব।

শেখ হাসিনা বর্তমানে ভারতে কী ব্যবস্থায় অবস্থান করছেন, সে বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে নিশ্চিত তথ্য নেই বলেও জানান তিনি। তবে ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার বিষয়টি আলোচনার দাবি রাখে বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে এবং আদালতের রায়ও হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফেরত চেয়েছে বাংলাদেশ। সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে ফিরিয়ে আনতে আগ্রহী। তবে দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত তার পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

আওয়ামী লীগের নেতাদের সাম্প্রতিক তৎপরতার সমালোচনা করে আন্দালিভ রহমান বলেন, একদিকে শেখ হাসিনার জন্য বিমান পাঠানোর কথা বলা হচ্ছে, অন্যদিকে দলের নেতারা সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের নিজেদের অবস্থান ও মানসিকতা পর্যালোচনা করা উচিত।

রাজনৈতিক পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ/

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে যে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, তা আওয়ামী লীগের পছন্দ হচ্ছে না।

গুম-খুন বন্ধ হওয়া, দেশের অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তনের মতো বিষয়গুলো থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দলটি আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভারত-বাংলাদেশ সম্পর্ক/

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে আন্দালিভ রহমান পার্থ বলেন, এ দেশে হিন্দু ও মুসলমান দীর্ঘদিন ধরে পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। ভারতের ক্ষমতাসীন বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির বিষয়টি ব্যবহার করছে বলে মন্তব্য করেন তিনি।

ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতির পেছনে দেশটির কূটনৈতিক নীতির দুর্বলতা রয়েছে। এর প্রভাব বাংলাদেশ-ভারত সম্পর্কেও পড়ছে।

ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা এবং দেশটির কিছু গণমাধ্যমের এমন কর্মকাণ্ডকে সমর্থন করার বিষয়টিও ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতা বলে উল্লেখ করেন তিনি।

অপতথ্য, নারীর ক্ষমতায়ন ও গণমাধ্যমের স্বাধীনতা/

বিশ্বব্যাপী ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বর্তমানে বিশ্বজুড়ে গুরুতর সমস্যায় পরিণত হয়েছে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে কাজ করছেন।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে আন্দালিভ রহমান পার্থ বলেন, বিএনপি সরকার কোনো গণমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে চায় না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net