June 22, 2026, 5:34 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশ ও নেপালের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম এবং যাত্রী চলাচল আরও গতিশীল ও সহজ করতে পশ্চিমবঙ্গে নতুন করে ৭ থেকে ৮টি আধুনিক আন্তর্জাতিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা নিয়েছে ভারত। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এলপিএআই) এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় নতুন স্থলবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে এলপিএআই। বর্তমানে পশ্চিমবঙ্গে ভারতের একমাত্র পূর্ণাঙ্গ আন্তর্জাতিক স্থলবন্দর হলো পেট্রাপোল, যা বনগাঁর কাছে বাংলাদেশ সীমান্তে অবস্থিত এবং ভারত-বাংলাদেশ বাণিজ্যের অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত।
নতুন স্থলবন্দর নির্মাণের জন্য যেসব স্থান বিবেচনায় রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি, উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের হিলি এবং আলিপুরদুয়ার জেলার বীরপাড়া। বর্তমানে এসব এলাকায় স্থল কাস্টমস স্টেশন থাকলেও সেগুলোকে আন্তর্জাতিক মানের আধুনিক স্থলবন্দরে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এলপিএআই সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে প্রকল্পগুলোর সম্ভাব্যতা ও অবকাঠামোগত প্রয়োজনীয়তা নিয়ে কাজ চলছে। তবে সীমান্ত এলাকায় প্রয়োজনীয় জমি অধিগ্রহণে জটিলতার কারণে প্রকল্প বাস্তবায়নের গতি কিছুটা ধীর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় বৃদ্ধি পেলে জমি-সংক্রান্ত বাধা দূর হবে।
সম্প্রতি কলকাতায় কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) আয়োজিত এক অনুষ্ঠানে এলপিএআই চেয়ারম্যান জয়ন্ত সিং জানান, পশ্চিমবঙ্গে ৭ থেকে ৮টি নতুন স্থলবন্দর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, প্রতিটি বন্দরের জন্য গড়ে প্রায় ৫০ একর জমির প্রয়োজন হবে এবং সেগুলো অবশ্যই সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হতে হবে।
একটি আধুনিক স্থলবন্দরে পণ্য পরিবহন ও খালাস সুবিধা, ট্রাক টার্মিনাল, গুদাম, শীতল সংরক্ষণাগার, কাস্টমস ও অভিবাসন বিভাগ, সীমান্ত নিরাপত্তা অবকাঠামোসহ বিভিন্ন সমন্বিত সেবা থাকবে। ফলে সীমান্ত বাণিজ্যের দক্ষতা ও গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে নতুন স্থলবন্দর নির্মাণ ভারতের বৃহত্তর সীমান্ত অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার অংশ। দেশজুড়ে আরও ৭৪টি নতুন স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমানে ভারতে ১৫টি স্থলবন্দর কার্যক্রম চালালেও নতুন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
ভারত সরকারের তথ্য অনুযায়ী, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ২ লাখ ২৭ হাজার ৫২২ কোটি রুপি। এর মধ্যে ৮২ হাজার ৮৪৪ কোটি রুপির বাণিজ্য সম্পন্ন হয়েছে স্থলবন্দরগুলোর মাধ্যমে। এছাড়া স্থলসীমান্ত ব্যবহার করে আরও ৪ লাখ ৪৪ হাজার ১৬৭ কোটি রুপির অতিরিক্ত বাণিজ্যের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ভারত সরকার।