November 27, 2026, 7:22 am

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মাত্র ৪৫০ মিটার জমির মালিকানা নিয়ে বিরোধ ও আদালতের নিষেধাজ্ঞার কারণে পাঁচ বছর ধরে আটকে রয়েছে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া অংশের চার লেন নির্মাণকাজ। প্রকল্পটি শুরু হয় ২০২১ সালে। আটকে যাওয়া কাজের অবস্থানটি হলো কুষ্টিয়া শহরের চৌরহাস ও বটতৈলীর মাঝামাঝি স্থানে।
জানা যায়,নির্মাণকাজ চলাকালে ৯৯ শতক জমির মালিকানা দাবি করে বাধা দেন ওই একই এলাকারই রেজাউল হক। রাজনৈতিক পরিচয়ে তিনি ছিলেন জেলা যুবলীগের সভাপতি। তবে বিষয়টি তার পারিবারিক সম্পত্তিকে কেন্দ্র করে।
বিষয়টি গড়ায় উচ্চ আদালতে। আদালতের নিষেধাজ্ঞার কারণে ওই অংশের নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের যে অংশে চার লেনের যানবাহন চলাচলের কথা, সেখানে বর্তমানে স্টিল ও কার ওয়াশের ব্যবসা পরিচালিত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এ পরিস্থিতিতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারী ও চালকদের দুর্ভোগ বাড়ছে।
পরিস্থিতি মোকাবিলায় কুষ্টিয়া সড়ক বিভাগ ওই স্থানে স্টপেজ সাইনেজ স্থাপন করেছে। তবে চার লেনের যানবাহনকে ওই অংশে একমুখী দুই লেনের ঝুঁকিপূর্ণ টার্নিং পয়েন্ট দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে যানজট, চলাচলে জটিলতা ও প্রতিমুহূর্তে দুর্ঘটনা ঘটে চলেছে।
বিশেষ করে বাস, ট্রাকসহ ভারী যানবাহন এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় ওই সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ অংশ অতিক্রম করতে গিয়ে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যানবাহনের গতিপথ পরিবর্তন, সংকীর্ণ জায়গা এবং অপরিকল্পিত চলাচলের কারণে সেখানে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। স্থানীয়দের দাবি, এই অংশে ইতোমধ্যে দুর্ঘটনায় প্রাণহানি ও হতাহতের ঘটনাও ঘটেছে। তবে দুর্ঘটনার সংখ্যা, নিহত ও আহত ব্যক্তিদের সুনির্দিষ্ট তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নথি থেকে যাচাই করা প্রয়োজন। দীর্ঘদিন ধরে অসমাপ্ত নির্মাণকাজের কারণে সৃষ্ট এই ঝুঁকি স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারীদের উদ্বেগ বাড়িয়েছে।
ট্রাকচালক মাহবুব জানান, “এই রাস্তায় গাড়ি চালাতে খুবই অসুবিধা হয়। বিশেষ করে বিআরবি ছুটির সময় এই জায়গাটুকু পার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।”
ইজিবাইক চালক রুহুল কুদ্দুস সালেহো বলেন, “এই জায়গায় চলাচল করতে অনেক ঝুঁকি নিতে হয়। জায়গার সমস্যা সমাধান করে অতিদ্রুত সড়ক নির্মাণ করা জরুরি।”
জমির মালিকানা নিয়ে বিরোধের সূত্রপাত ১৯৮০ সালে। ওই বছরের ২৩ জুলাই আজিজুল হক ও অন্যরা জমিটি কেনেন। এ সংক্রান্ত দলিল নম্বর ১০৪৪১, ১০২৩২, ১০২৩৩ ও ১০২৬২। এর মধ্যে ১০২৬২ নম্বর দলিলে জমির কিছু অংশ বিক্রি করা হয়েছিল বলে জানা গেছে। তবে সড়ক বিভাগের দাবি, জমিটি কুষ্টিয়া পৌরসভার।
এ নিয়ে হাইকোর্টে মামলা রয়েছে, যার নম্বর ৩৪৭৪/২২। আদালত তিন দফায় এক বছর করে নির্মাণ ও সংস্কারকাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।
কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পারভেজ হোসাইন জানান, “ঐ জায়গা নিয়ে মামলা চলমান। মামলার রায় ও আপিলের রায়ে ঐ জায়গা ব্যক্তি মালিকানাধীন হিসেবে প্রমাণ হয়েছে। আমরা পরবর্তীতে আবারও আপিল করেছি। কিন্তু জায়গার মালিক কাজ বন্ধ রাখতে আদালত থেকে স্থগিতাদেশ জারি করে এনেছেন। আমরা সেটার বিরুদ্ধেও আপিল করেছি। কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।”
পাঁচ বছর ধরে অসমাপ্ত রয়েছে মহাসড়কের চার লেন নির্মাণকাজ। জমির মালিকানা নিয়ে বিরোধ ও চলমান আইনি জটিলতার কারণে আটকে আছে গুরুত্বপূর্ণ এই সড়কের একটি অংশ। এদিকে অসমাপ্ত অংশে যানবাহন চলাচলের ঝুঁকি, সম্ভাব্য দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
সড়কের এই অংশে সংঘটিত দুর্ঘটনার প্রকৃত সংখ্যা, প্রাণহানি ও আহতদের তথ্য, যান চলাচলের নিরাপত্তায় সড়ক বিভাগের পদক্ষেপ এবং দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকার প্রভাব অনুসন্ধানের দাবি উঠেছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, চালক ও যাত্রীরা আইনি জটিলতা নিরসন, সড়কের জায়গা নিয়ে বিরোধের নিষ্পত্তি এবং অসমাপ্ত নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন।