April 14, 2026, 9:16 am

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শুধু মন্ত্রী পরিবর্তন করলেই শিক্ষার উন্নয়ন সম্ভব নয়—এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী Dr. A N M Ehsanul Haque Milon। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষকদের, কারণ তারাই মানুষ গড়ার মূল কারিগর। শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়নের মাধ্যমেই একটি শক্তিশালী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোর পিটিআই মিলনায়তনে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় দেশের উন্নয়নের অন্যতম প্রধান খাত এবং অন্যান্য মন্ত্রণালয়ের তুলনায় এটি ভিন্নধর্মী। তিনি জবাবদিহিমূলক ব্যবস্থার ওপর জোর দিয়ে বলেন, “আমি জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে চাই এবং শিক্ষকদের সঙ্গে নিয়ে একটি আধুনিক শিক্ষাব্যবস্থা গড়তে চাই।”
পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে ১৯৮০ সালের শিক্ষা আইনে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। নতুন ব্যবস্থায় পরীক্ষকদের মূল্যায়িত খাতা থেকে ‘র্যান্ডম স্যাম্পলিং’ পদ্ধতিতে পুনরায় যাচাই করা হবে, যাতে নম্বর প্রদানে কোনো অসঙ্গতি থাকলে তা ধরা পড়ে। পাশাপাশি দক্ষ পরীক্ষক তৈরি করতে প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হবে।
সাবেক সরকারের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, অতীতে নকলের প্রবণতা প্রশ্রয় পেয়েছিল। তবে ২০০১ সালের পর সরকার কঠোর অবস্থান নিয়ে তা অনেকাংশে নিয়ন্ত্রণে আনে। কিন্তু করোনা-পরবর্তী সময়ে নকলের ধরন বদলে ‘ডিজিটাল জালিয়াতি’ বেড়েছে বলে তিনি সতর্ক করেন। এ বিষয়ে শিক্ষক ও প্রশাসনকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং প্রশাসনিক জটিলতা কমাতে একটি বিশেষ পরিকল্পনার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, উন্নত বিশ্বের আদলে জন্মনিবন্ধনের সঙ্গে একটি স্থায়ী আইডি নম্বর চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যার মাধ্যমে শিক্ষা, পুলিশ ভেরিফিকেশন, ব্যাংকিংসহ জীবনের বিভিন্ন সেবা একসঙ্গে পাওয়া যাবে—যা শিক্ষাব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনবে।
তিনি আরও বলেন, “শিক্ষকতা একটি মহৎ পেশা, যার মাধ্যমে সদকায়ে জারিয়া অর্জন সম্ভব। কিন্তু অনেক ক্ষেত্রে শিক্ষকরা দায়িত্ব পালনে যথাযথ গুরুত্ব দিচ্ছেন না। অনেকেই নিজের প্রতিষ্ঠানে নিজের সন্তানদের পড়ান না।” এ সময় তিনি শিক্ষকদের নিজেদের প্রতিষ্ঠানের প্রতি আস্থা রাখার এবং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।