August 20, 2026, 5:42 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সরকারের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব বিদ্যমান কমিটি পুনর্গঠন ও হালনাগাদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পুনর্গঠিত কমিটির তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থায় পাঠানো হয়। এতে বলা হয়েছে, সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। তবে পর্যালোচনায় দেখা গেছে, এসব কমিটির অধিকাংশই কয়েক বছর আগে গঠিত হওয়ায় বর্তমানে সেগুলো হালনাগাদ নেই। কোনো কোনো কমিটির গঠনসংক্রান্ত প্রজ্ঞাপন ও কার্যক্রমের তথ্যও পাওয়া যাচ্ছে না।
এ অবস্থায় বিদ্যমান সব কমিটি পুনর্গঠন করে প্রয়োজনীয় তথ্য হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতাধীন কমিটি পুনর্গঠনের সময় সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব আরও কার্যকর করার লক্ষ্যে প্রতিটি পুনর্গঠিত কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
এই তিন সদস্যের মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক স্থানীয় পর্যায়ের ওই তিনজন গণ্যমান্য ব্যক্তিকে মনোনয়ন দেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে আরও বলা হয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে সংযুক্ত তালিকায় থাকা ৯৮টি কমিটিসহ মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতাধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য সব বিদ্যমান কমিটি হালনাগাদ করতে হবে।
পুনর্গঠন ও হালনাগাদ কার্যক্রম শেষ করে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করতে বলা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন ধরে হালনাগাদ না থাকা সরকারি কমিটিগুলো পুনর্গঠনের ফলে স্থানীয় পর্যায়ে সরকারি কার্যক্রমে অংশীজনের প্রতিনিধিত্ব আরও বাড়বে। পাশাপাশি বিভিন্ন সরকারি কার্যক্রম বাস্তবায়নে সমন্বয়, অংশগ্রহণ ও জবাবদিহিতা জোরদার হবে।