July 14, 2026, 7:53 am

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পুরুষ সদস্যদের দলীয় দায়িত্বে না রাখার কেন্দ্রীয় নীতির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার-কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থানে জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক।
সোমবার (১৩ জুলাই) রাতে কুষ্টিয়া জেলা জামায়াতের প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মহসিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো পুরুষ সদস্য (রুকন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে জেলা কর্মপরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দিয়ে এনামুল হককে নতুন জেলা সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।
জেলা আমির খন্দকার এ কে এম আলী মহসিন জানান, এটি শুধু কুষ্টিয়ার জন্য নয়; কেন্দ্রীয় সিদ্ধান্তের আওতায় সারা দেশে নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত মোট সাতজন রুকনকে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া সুজাউদ্দিন জোয়ার্দার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক। তিনি বলেন, জেলা সেক্রেটারি হওয়ার আগেই তিনি ওই কলেজে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। সে সময় দলের গঠনতন্ত্রে এ বিষয়ে শিথিলতা থাকায় দায়িত্ব পালনে কোনো সমস্যা হয়নি।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটির নতুন সিদ্ধান্তের কারণে তাঁকে দায়িত্ব ছাড়তে হয়েছে। তবে চাকরি ছেড়ে দিলে ভবিষ্যতে তাকে আবার দলীয় পদে দায়িত্ব দেওয়া হতে পারে।
সুজাউদ্দিন জোয়ার্দার জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তকে তিনি স্বাভাবিকভাবেই গ্রহণ করেছেন। এ কারণে তার কোনো ক্ষোভ বা অসন্তোষ নেই।