June 23, 2026, 4:14 am

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পাকশী রেলওয়ে জেলা পুলিশের কনফারেন্স রুমে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান।
সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও কল্যাণমূলক বক্তব্য প্রদান করেন। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করে সকলকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
পুলিশ সুপার রেলপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, টিকিট কালোবাজারি প্রতিরোধ, মাদক উদ্ধার এবং অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের অভ্যন্তরীণ সুযোগ-সুবিধা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় কর্তব্যকাজে বিশেষ অবদান ও ভালো পারফরম্যান্সের জন্য কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। সভা শেষে অফিসার ইনচার্জ, সান্তাহার রেলওয়ে থানা; ডিআইও-১; এবং ইনচার্জ হিসাব রক্ষক, পাকশী রেলওয়ে জেলা—এর বদলিজনিত কারণে পাকশী রেলওয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তাদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরদী রেলওয়ে সার্কেলের কর্মকর্তাবৃন্দ, অফিসার ইনচার্জ (ঈশ্বরদী, রাজশাহী, সান্তাহার ও সিরাজগঞ্জ রেলওয়ে থানা), ডিআইও-১, ওসি ডিবি, আরআই পুলিশ লাইন, বিভিন্ন ফাঁড়ির ইনচার্জসহ জেলা পুলিশের সকল পর্যায়ের সেরেস্তা প্রধান কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।