August 25, 2026, 3:44 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন জমা শুরু, প্রথম দিনেই আইভ্যাকে উপচে পড়া ভিড়


দীর্ঘ প্রায় ১১ মাস পর পুনরায় চালু হলো পর্যটন ভিসা, আবেদনকারীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দীর্ঘ প্রায় ১১ মাস বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর সোমবার (২৯ জুন) পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) আবেদনপত্র গ্রহণ শুরু করে। প্রথম দিনেই রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্রে সকাল থেকেই শত শত আবেদনকারীর দীর্ঘ সারি দেখা যায়। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি, উচ্ছ্বাস এবং আশাবাদ লক্ষ্য করা গেছে।
আবেদনকারীরা জানান, চিকিৎসা, পারিবারিক ভ্রমণ, ধর্মীয় স্থান পরিদর্শন, কেনাকাটা এবং পর্যটনের উদ্দেশ্যে অনেকেই দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা চালুর অপেক্ষায় ছিলেন। ভিসা আবেদন গ্রহণ শুরু হওয়ায় তারা দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে আইভ্যাকে ভিড় করেন।
এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনকালে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন। সেই ঘোষণার পর রোববার থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় এবং সোমবার থেকে সরাসরি আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত নিয়মিত ভিসা কার্যক্রম সীমিত করে। সে সময় থেকে পর্যটন ভিসা সম্পূর্ণভাবে বন্ধ ছিল। তবে বিশেষ প্রয়োজন বিবেচনায় সীমিত আকারে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসা ইস্যু অব্যাহত রাখা হয়।
নতুন হাইকমিশনার দায়িত্ব গ্রহণের পর দুই দেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে পর্যটন ভিসা পুনরায় চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে এ সেবা চালু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের অন্যান্য ভিসা আবেদন কেন্দ্রেও এ সেবা সম্প্রসারণ করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, পর্যটন ভিসা পুনরায় চালুর ফলে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও পারিবারিক যোগাযোগের পাশাপাশি দুই দেশের জনগণের পারস্পরিক যাতায়াত এবং পর্যটন কার্যক্রমও নতুন গতি পাবে। আবেদনকারীদের প্রত্যাশা, ভিসা প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হলে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক যাতায়াত পুরোপুরি পুনরুদ্ধার হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net