September 29, 2026, 5:21 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার মিরপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় রাজিব কুমার ঘোষ নামে এক আসামিকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুষ্টিয়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
কুষ্টিয়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ. এম. শফিকুল ইসলাম এ রায় দেন।
মামলার নথি অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার ঘোষ কুষ্টিয়ার মিরপুর থানার উত্তর কাটদাহ এলাকার বাসিন্দা। তার বাবার নাম জয় ঘোষ। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০)-এর ৯(১) ধারায় সংঘটিত অপরাধের দায়ে তাকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেওয়া হয়।
মামলাটি মিরপুর থানার মামলা নং-১৭(১২)২০২২, জিআর নং-৩৪৮/২০২২ এবং নারী ও শিশু মামলা নং-৪৩/২০২৩ হিসেবে নথিভুক্ত ছিল। মামলায় অভিযোগ ছিল নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারার অপরাধের।
রায়ের আদেশে বলা হয়, আসামিকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলা-সংক্রান্ত আসামির ইতঃপূর্বে হাজতবাসের সময় ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারার বিধান অনুযায়ী সাজা থেকে বাদ যাবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
রায়ে আসামি ও তার জামিনদারদের জামিননামার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামি ট্রাইব্যুনালে হাজির থাকায় তাকে সাজা ভোগের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০)-এর ১৫ ধারার বিধান অনুযায়ী, ভুক্তভোগীকে প্রদত্ত অর্থদণ্ড ক্ষতিপূরণ হিসেবে গণ্য করে তা ভুক্তভোগীকে প্রদানের জন্য কুষ্টিয়ার জেলা কালেক্টর (জেলা ম্যাজিস্ট্রেট)-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার নথি অনুযায়ী, এজাহারকারী নিজেই মামলার ভুক্তভোগী।