February 28, 2026, 5:20 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিকে হত্যা করে বাড়ি থেকে নাতনিকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়ায়।
নিহতরা হলেন ভবানিপুর উত্তরপাড়ার জয়নাল খাঁর মা সুফিয়া খাতুন (৬৫) ও তার মেয়ে জামিলা আক্তার (১৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যরাতে হঠাৎ কান্নার শব্দ শুনতে পান এলাকাবাসী। কিছুক্ষণ পর কান্না থেমে গেলে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান। শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। পরে জামিলাকে খুঁজতে গিয়ে পাশের সরিষা ক্ষেতে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।