April 16, 2026, 2:06 am

নাজমুল ইসলাম,দৌলতপুর/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে সংঘটিত এক আধ্যাত্মিক সাধু হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাকে আসামি করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। এ ঘটনাকে “ষড়যন্ত্রমূলক” আখ্যা দিয়ে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দৌলতপুর উপজেলা জামায়াত।
বুধবার বিকেলে কুষ্টিয়া শহরে জামাত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ বেলাল উদ্দিন অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী ও কুষ্টিয়া জেলা শিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ খাজা আহমেদসহ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। তিনি দাবি করেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
তিনি আরও বলেন, ফিলিপনগরের ওই মর্মান্তিক হত্যাকাণ্ডের সঙ্গে জামায়াতে ইসলামী বা এর কোনো নেতাকর্মীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বরং রাজনৈতিক প্রতিহিংসা এবং মুহাম্মদ খাজা আহমেদের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি স্বার্থান্বেষী মহল তাঁকে প্রধান আসামি করে ফাঁসানোর চেষ্টা করছে।
বক্তব্যে উল্লেখ করা হয়, ঘটনার সময় স্থানীয় বিএনপির ইউনিয়ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজন নেতার উপস্থিতি ছিল বলে জানা গেছে, যা জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। তাই প্রকৃত ঘটনা উদঘাটনে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।
জামায়াত নেতারা বলেন, তাদের দল কখনো সহিংসতা বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করে না। মুহাম্মদ খাজা আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই অবস্থানের কারণেই একটি কুচক্রী মহল তাঁকে আইনি হয়রানির মুখে ফেলতে চাচ্ছে বলে তারা অভিযোগ করেন।
সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়—ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে এবং প্রকৃত অপরাধী ও নেপথ্যের উসকানিদাতাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, দৌলতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, শহর শিবিরের সাবেক সভাপতি ও যুব বিভাগের নেতা মোস্তাফিজুর রহমান পলাশসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।