June 22, 2026, 6:24 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঢাকাসহ দেশের ছয় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠির মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সশস্ত্র বাহিনী বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, গাজীপুর এবং চট্টগ্রাম জেলায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে পাঠানো চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কিছু সংগঠনের ব্যানারে মিছিল, সমাবেশ ও অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা বিবেচনায় নিয়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে কর্মসূচি পালনের আগ্রহ দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে রাজধানীসহ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরজুড়ে দুই শতাধিক কৌশলগত স্থানে তল্লাশিচৌকি স্থাপন, গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট বৃদ্ধি এবং টহল কার্যক্রম জোরদার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, এসব পদক্ষেপের লক্ষ্য হচ্ছে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে বিভিন্ন আইনি ও রাজনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট আইন ও অধ্যাদেশের আওতায় দলটির সাংগঠনিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকে। তবে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, বর্তমান পরিস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সবার জন্য গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।