August 6, 2026, 8:22 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপি নেতা নাফিজ আহমেদ খাঁন রাজুর ওপর সশস্ত্র দুর্বৃত্তদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে খোকসা থানা-সংলগ্ন এলাকায় তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত নাফিজ আহমেদ রাজু খোকসা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং খোকসা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। একই সাথে তিনি খোকসার একসময়ের জনপ্রিয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পরে খোকসা পৌর মেয়র আনোয়ার আহমেদ খান তাতারী ও চেয়ারম্যান রাবেয়া খাতুনের সন্তান।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো দলীয় কার্যালয়ের কাজ শেষে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তিনি থানা পাড়ায় নিজ বাসার উদ্দেশে রওনা হন। বাসার সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা তিনটি মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে রাজুর বাড়ির সামনে তিনটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।